বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। সিনেমাটিতে জুনিয়র এনটিআর-এর লুক প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‘ট্রিপল আর’ সিনেমার ইন্ট্রো লুক টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। ইউটিউবে ১ মিনিট ৩২ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে কোমারাম ভীম চরিত্রে জুনিয়র এনটিআরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
সিনেমাটিতে আরো অভিনয় করছেন রাম চরণ। চলতি বছর মার্চে এই অভিনেতার ৩৫তম জন্মদিনে তাকে আলুরি সীতারামা রাজু হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।
কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন— বলিউডের আলিয়া ভাট, অজয় দেবগন এবং রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। জানা গেছে, অজয় দেবগনের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। সিনেমায় জুনিয়র এনটিআর ও রাম চরণের গুরুর চরিত্রে দেখা যাবে তাকে।
‘ট্রিপল আর’ সিনেমাটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
নগরকন্ঠ.কম/এআর