বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

আবারও সজল-সারিকার যুগলবন্দি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এক সময় একখণ্ডের নাটকে নিয়মিত জুটি বেঁধে অভিনয় করতেন সজল ও সারিকা। কিন্তু প্রেম, বিয়ে এবং সংসার নিয়ে ব্যস্ত হওয়ার কারণে সারিকা অভিনয়ে বিরতি দিয়েছিলেন। যে কারণে তাদের দুজনকে অনেক দিন নাটকে একসঙ্গে দেখা যায়নি।

সাম্প্রতিক সময়ে আবারও জুটি বেঁধে একখণ্ডের নাটকে অভিনয় শুরু করেছেন সজল ও সারিকা। সেই ধারাবাহিকতায় ফজলুল সেলিমের পরিচালনায় ‘ক্রাইসিস মোমেন্ট’ নামের একটি খণ্ডনাটকে অভিনয় করেছেন তারা।

নাটকের গল্পে দেখা যাবে, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘোরা সজল রুমমেটের জামা পরে চাকরির ইন্টারভিউ দিতে যান। পথে রিকশার খোঁচা লেগে জামার পকেট ছিঁড়ে যায়। পথ দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ে সারিকার হ্যান্ডব্যাগের ডিজাইন আর তার পকেটের ডিজাইন একই রকম। সজল সারিকাকে অনুরোধ করে তার ব্যাগের ডিজাইনটা তাকে দেয়ার জন্য।

সারিকা এতে খুব বিরক্ত হয়। সজল তার পিছু ছাড়ে না। একপর্যায়ে সারিকা রাজি হয় এই শর্তে যে, সে একটা বিপদে পড়েছে তাকে সহযোগিতা করতে হবে। বাবা-মা তাকে জোর করে অপছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে দিচ্ছে বলে সে বাসা থেকে পালিয়ে এসেছে।

এখন সে তার চাচার বাসায় যাবে। সজল রাজি হয়; কিন্তু বাসায় যাওয়ার পর সারিকা চাচা-চাচিকে বলে সজল তার প্রেমিক। সজলকেই বিয়ে করবে সে। সারিকার এমন কাণ্ডে সজল হতভম্ভ হয়ে যায়। সে কোনোভাবেই বিয়ে করবে না বলে জানায়। অন্যদিকে সারিকা তাকে ছাড়বে না। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, নাটকটির গল্প বেশ ভালো। এতে অভিনয় করে আনন্দ পেয়েছি। তাছাড়া সহশিল্পী সারিকাও এতে সাবলীল অভিনয় করেছে। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।

সারিকা বলেন, সজল ভাই সব সময়ই আমার প্রিয় অভিনেতা। তিনি সহশিল্পী থাকলে অনেক সহজ হয়ে যায় চরিত্র ফুটিয়ে তুলতে। এ নাটকটির গল্প থেকে শুরু করে সবই ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।

নাটকটি শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com