বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

যে কারণে সঞ্জয়ের সঙ্গে কখনোই অভিনয় করেননি নানা পাটেকার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের ‘মুন্নাভাই’সঞ্জয় দত্তর সঙ্গে কে না অভিনয় করতে চায়? এক সময় সঞ্জয় মানেই ব্লকবাস্টার হিট সিনেমা।

কিন্তু ‘খলনায়ক’ খ্যাত এই অভিনেতার সঙ্গে কখনোই স্ক্রিন শেয়ার করেননি বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার।

দুজনকে কখনোই এক ছবিতে দেখা যায়নি।

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে সব সময় এই নীতি অনুসরণ করেছেন সমাজসেবী এই মারাঠি অভিনেতা।

এ নিয়ে বলিউডে প্রশ্ন প্রায়ই উঠেছে। সঠিক কারণ না জানা গেলেও বিষয়টি নিয়ে গুঞ্জন রটেছে।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এর একমাত্র কারণ জানিয়েছে। আর পুরো বিষয়টি ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের ঘটনাকেন্দ্রিক।

সেই ঘটনাকে কখনোই ভুলতে পারেননি নানা পাটেকার। প্রতিনিয়ত যা পীড়া দেয় তাকে। কারণ সেই বিস্ফোরণে নানার এক ভাই প্রাণ হারিয়েছিলেন। সেদিন কাজের জন্য বেরিয়ে আর বাড়িতে ফিরতে পারেননি তার ভাই। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ।

সেদিন দেবরের সঙ্গে নিহত হতে পারতেন নানার স্ত্রীও। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আর মুম্বাই বিস্ফোরণের ঘটনায় সঞ্জয়ের নাম জড়িয়ে যায়। যে কারণে কারাবরণও করতে হয়েছে সঞ্জয়কে।

নিজের ভাইয়ের মৃত্যুর জন্য সঞ্জয়কে একরকম দায়ী ভাবেন নানা পাটেকার।

ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে নানা বলেছিলেন, সঞ্জয় দত্তর সঙ্গে কখনো অভিনয় করব না।

যদিও নানা কখনো দাবি করেননি যে, সঞ্জয় ওই বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত। কিন্তু পরে বেআইনি অস্ত্র রাখার দায়ে সঞ্জয় গ্রেফতার হলে নানা তাকে এড়িয়ে যান।

নানার ভাষ্য, বলিউড সেলিব্রিটির এমন অপরাধে গ্রেফতার হওয়া মেনে নেয়ার মতো নয়। ফলে তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন। বিগত সাড়ে ৩ দশকের ক্যারিয়ারে এভাবেই সঞ্জয়কে এড়িয়ে গেছেন নানা।

যদিও অনেকের মতে ‘দশ কাহানিয়াঁ’ নামের একটি ছবিতে নানা ও সঞ্জয় দুজনেই অভিনয় করেছিলেন। কিন্তু বিষয়টি একসঙ্গে নয়। সিনেমা এক হলেও দুটি আলাদা গল্পে দেখা গেছে তাদের। একটি গল্পের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে অন্যটির কোনো যোগসূত্র ছিল না। সেই ছবির একই দৃশ্যে দেখা যায়নি তাদের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com