বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে : জুঁই

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : একজন নাট্যাভিনেত্রী হিসেবেই জনপ্রিয় রোবেনা রেজা জুঁই। তবে মাঝে মধ্যে বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যায় তাকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও বিজ্ঞাপনে অনিয়মিত তিনি। তাই তিন বছর পর নতুন একটি টিভি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জুঁই।

রনি ভৌমিকের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে মানিকগঞ্জের একটি লোকেশনে। শিগগিরই এটি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে।

এতে অভিনয় প্রসঙ্গে জুঁই বলেন, ‘সর্বশেষ আমি আর আমার স্বামী মোশাররফ করিম আদনান আল রাজীবের নির্দেশনায় একটি ডিটারজেণ্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। সেই বিজ্ঞাপনটির জন্য বেশ সাড়া পেয়েছিলাম। দীর্ঘ তিন বছর পর আবার নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম। নগদ’র বিজ্ঞাপন এটি। এই বিজ্ঞাপনটি যথারীতি গল্প নির্ভর একটি বিজ্ঞাপন। আমি যতোগুলো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি প্রত্যেকটি বিজ্ঞাপনই মূলত গল্প নির্ভর, যে কারণে কাজ করতে ভালো লেগেছে। আশা করি এই বিজ্ঞাপনটিও দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে গত সেপ্টেম্বরে ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’ নামের একটি নাটকে বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। সেটি প্রচারের অপেক্ষায় আছে।

এদিকে মাছরাঙা টিভিতে জুঁই অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘চাঁন বিরিয়ানি’ এবং বাংলাভিশনে রওনক হাসান পরিচালিত ‘বিবাহ হবে’ ধারাবাহিক দুটি নিয়মিত প্রচার হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com