বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

চার বছর পর আলম আরা মিনুর নতুন গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চার বছর আগে ‘বন্ধু হয়ে যাব’ শিরোনামে একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। সেগুলো শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছিল। বিরতির পর আবারও নতুন গান নিয়ে হাজির হবেন এই সঙ্গীতশিল্পী। এরই মধ্যে চারটি নতুন গানের কাজ শেষ করেছেন। গানগুলোর ভিডিওতেও তার উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন মিনু।

ভিডিওর কাজ শিগগিরই শুরু হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বশেষ চার বছর আগে আমার অ্যালবাম প্রকাশ হয়েছিল। মাঝখানে বেশ কয়েকটা বছর গান করা থেকে বা গাওয়া থেকে অনেকটাই দূরে ছিলাম। এখন নতুন করে আবারও যাত্রা শুরু করেছি। চারটি গানের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওতে নিজেকে এমনভাবে উপস্থাপন করব, যেভাবে আগে কখনই আমার উপস্থাপন করার সুযোগ হয়ে উঠেনি। আমার নতুন গানগুলোতে সবার জন্যই সারপ্রাইজ থাকছে।

আশা করছি গানগুলো সব শ্রেণির দর্শকের ভালো লাগবে। নতুন এই গানগুলো ‘আলম আরা মিনু’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। আলম আরা মিনুর প্রকাশিত উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে- ‘কথা দিলাম’,‘তুমি জীবন আমার’, ‘বন্ধু তোর লাইগারে’, ‘ভালোবাসার বৃন্দাবন’, ‘নালিশ’, ‘বড় বেশি মনে পড়ে’, ‘যদি তুমি বল’ ইত্যাদি। এছাড়া প্লে-ব্যাকেও কাজ করার অভিজ্ঞতা আছে এই সঙ্গীতশিল্পীর।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com