বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় ১৫ দিন থাকবেন অপু, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।

শুটিংয়ের জন্য অনেক সময় তাকে বিভিন্ন স্থানে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করতে হয়েছে। কিন্তু সন্তানের মা হওয়ার পর খুব বেশিদিন ঢাকার বাইরে গিয়ে থাকেননি এই ঢালিউড কুইন। এবার ১৫ দিনের জন্য ঢাকার বাইরে থাকবেন অপু। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১৫ দিন অবস্থান করবেন তিনি। কিন্তু সেখানে দীর্ঘদিন থাকবেন কেন?

এ বিষয়ে কথা বলতে অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন—আগামীকাল (৫ নভেম্বর) থেকে রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন শুটিং করব। আশা করছি, সরকারি অনুদানের সিনেমাটির কাজের অভিজ্ঞতা বেশ ভালো হবে।

দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফিরছেন অপু। বিষয়টি উল্লেখ করে অপু বলেন—মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে সিনেমার কাজ করা হয় না। মাঝে অন্যান্য কাজ করলেও প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছি। এর আগে নিরবের সঙ্গে অভিনয় করলেও তাতে দুজন হিরো ছিলেন। এবার সলো হিরো হিসেবে নিরবের সঙ্গে কাজ করছি। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার গল্পটিও অসাধারণ। আশা করছি, ভালো একটি কাজ হবে।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেন অপু। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com