বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ব্লকবাস্টার সিনেমাসে বিশেষ ছাড়ে দুই ছবি দেখার সুযোগ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিলাসবহুল সিনেথিয়েটার ব্লকবাস্টার সিনেমাস দর্শকের জন্য বিশেষ ছাড়ে সিনেমা দেখার সুযোগ করে দিয়েছে।

দর্শকরা এ সিনেমাহলে প্রদর্শিত হলিউডের ‘সনিক : দ্য হেজহগ’ ও বাংলাদেশের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবি দুটি ৫০ শতাংশ ডিসকাউন্টে দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং ইনচার্জ মাহাবুবুর রহমান।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস সারা দেশের অন্য হলগুলোর মতো আমাদের ব্লকবাস্টার সিনেমাসও বন্ধ ছিল। অবশেষে ১৬ অক্টোবর থেকে সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হল পরিচালনা ও ছবি প্রদর্শন করার অনুমতি দিয়েছে। আমরা বন্ধ হওয়ার আগে অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে যেসব ছবি প্রদর্শিত হচ্ছিল সেগুলো দিয়েই নতুন করে হল চালু করেছি।

পাশাপাশি সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ছবিও প্রদর্শনের তালিকায় যুক্ত করেছি। এমনিতে করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক; তাই এ বিষয়টি অনুধাবন করেই ব্লকবাস্টার সিনেমাসের নিয়মিত টিকিট মূল্যের ওপর ডিসকাউন্ট নিয়ে দর্শক যাতে আমাদের নির্ধারিত দুটি সিনেমা দেখতে পারেন সে সুযোগ করে দিচ্ছি। ৩০ অক্টোবর থেকে আমাদের এ ডিসকাউন্ট অফার চলছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অফারটি চলবে।

আশা করি, আমাদের এখানে সিনেমা দেখে দর্শক আগের মতোই তৃপ্ত হবেন।’ ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, দুটি ছবির মধ্যে বাংলাদেশি ছবি অর্থাৎ ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর ক্ষেত্রে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে এবং হলিউড ছবি ‘সনিক : দ্য হেজহগ’-এর ক্ষেত্রে দুটি টিকিট কিনলে মোট মূল্যের ওপর ৫০ শতাংশ ছাড় দেয়া হবে।

এদিকে একই সিনেথিয়েটারে বর্তমানে ‘প্লেয়িং উইথ ফায়ার’, ‘টেনেট’ ও ‘মুলান’ নামে হলিউড ছবিগুলোও প্রদর্শিত হচ্ছে। এসব ছবি নিয়মিত টিকিট মূল্যে দেখা যাবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com