বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রনির সঙ্গে ফিরলেন ফারহানা জামান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : ফারহানা জামান জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। তিনি শোবিজে উপস্থাপনা দিয়ে শুরু করলেও পরে মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন। তবে সংসারের প্রয়োজনে বেশ কিছু দিন মিডিয়া থেকে দূরে ছিলেন এই গুণী শিল্পী। বিরতির পর আবার সরব হচ্ছেন।

মীরাক্কেলখ্যাত আবু হেনা রনির সঙ্গে ফিরলেন এই সময়ের প্রতিশ্রতিশীল মডেল, উপস্থাপক ও অভিনেত্রী।

সম্প্রতি ‘কাটিং মাস্টার’ নামে একটি নাটকে ডেইজি আপার চরিত্রে অভিনয় করলেন তিনি। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। পুরান ঢাকার ‘ডেইজি আপার কাটিং ঘর’ ঘিরেই নাটকটির কাহিনী আবর্তিত হয়। এই কাটিং ঘরে কাজ শিখতে আসে এলাকার দুই ভাই আলাল, দুলালসহ অনেকে।

কাটিং ঘরটিতে কাজ শেখার ফাঁকে ফাঁকে চলে দিনভর আড্ডা। ডেইজি আপার কাটিং ঘর থেকে কাজ শিখে, আলাল ও দুলাল কাটিং মাস্টার নামের একটা টেইলার্স দেয়। টেইলার্সে আগমন ঘটে এলাকার সুন্দরী, সুইটির। আলাল ও দুলাল, দুই ভাই সুইটির প্রেমে পড়ে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে নাটকের কাহিনী।

নাটকটি রচনা করেছেন রাবেয়া স্বপ্না এবং পরিচালনা করেছেন গাজী আব্দুল মজিদ।

ফারহানা বলেন, এই নাটকে কাটিং মাস্টারের চরিত্রে অভিনয় করে খুব মজা পেয়েছি। একসময় শোবিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাতাম, মাঝে সংসারে ব্যস্ত হয়ে পড়ি। এখন আবার মিডিয়ায় ব্যস্ত হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবে।

নতুন করে কাজ নিয়ে স্বপ্ন দেখছেন ফারহানা। বিজ্ঞাপনের পাশাপাশি মিউজিক ভিডিও ও নাটকে কাজ করবেন বলে জানান তিনি।

ফারহানা জামান ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, আনোয়ার হোসেন, স্বর্নলতাসহ আরো অনেকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com