বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকার পাশে আমিনবাজার সংলগ্ন একটি এলাকায় আজ (বুধবার) থেকে শুরু হয়েছে একক নাটক ‘গেম অব লাইফ’-এর শুটিং। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করছেন দীপু হাজরা।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আব্দুন নূর সজল, সারিকা, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে সজল ও সারিকা স্বামী-স্ত্রী। বেশ ভালোভাবেই চলছিল তাদের সংসার। কোনো এক সকালে কুরিয়ারযোগে সারিকার নামে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এই আংটি তার কোনো ঠিকানা নেই।
আংটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। সজল মনে করে এটি সারিকার পুরনো প্রেমিক পাঠিয়েছে। অপরদিকে সমাপ্তি একজন অন্ধ মানুষ। থাকেন তাদের উপরের তলায়। তিনি বিষয়টি সমাধান করতে এলেও কোনো লাভ হয় না।
অবশেষে সজল একদিন সেই পুরনো প্রেমিককে অনেক মারধর করে। বিষয়টি সারিকা জানতে পেরে সজলের ওপর ক্ষেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনী।
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, রোমান্টিক গল্পের নাটক হলেও এটিতে নানা বাঁক-বদল আছে, যা দর্শকের ভালো লাগবে আশা করি।
নগরকন্ঠ.কম/এআর