বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : পাড়ার বখাটে ছেলে অপূর্ব। সাঙ্গ-পাঙ্গদের নিয়ে সারাদিন রাস্তায় থাকে। মেয়েদের টিজ করে। সাবিলা নূর সাধারণ মেয়ে। পাড়ায় নতুন এসেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অপূর্ব তার পথ আটকে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সাবিলা সাড়া না দেয়ায় হুমকি দেয় তাকে। গভীর রাতে ফোন করে ডিস্টার্ব করে।
রীতিমত অতিষ্ঠ করে ফেলে সাবিলার জীবন। এক রাতে পাল্টে যায় সবকিছু। অপূর্ব দেখে, তার বাবা কাজ করছে মায়ের মত, ভাইকে দেখতে আসছে কন্যাপক্ষ, বন্ধু মেয়েদের মত আচরণ করছে, আর সাবিলা তার বান্ধবীদের নিয়ে পাড়ায় মাস্তানি করছে, ছেলেদেরকে টিজ করছে। অপূর্বর বাসার সামনে এসে তাকে শিস দিয়ে ডাকাডাকি করে, তার সঙ্গে প্রেম করার প্রস্তাব দেয়।
রাস্তায় পথ আটকে তার প্রেমে সাড়া না দিলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। তাদের ভয়ে তার বন্ধু রাস্তায় বের হতে চায় না। পুরো এলাকার মানুষ তাদেরকে ভয় পায়। অপূর্ব এসব দেখে বিস্মিত হতে থাকে। কিছুতেই মেনে নিতে পারে না বিষয়টা। এদিকে, সাবিলা তাকে ক্রমাগত চাপ দেয় তার প্রস্তাবে রাজি হওয়ার জন্য।
কিন্তু অপূর্ব জানিয়ে দেয় মরে গেলেও সে তার সঙ্গে প্রেম করবে না। এর প্রতিশোধ হিসেবে এক রাতে বাসায় ফেরার পথে অপূর্বর মুখে এসিড ছুঁড়ে মারে সাবিলা। গল্পটি নাটক এক্সচেঞ্জ-এর। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূরসহ অনেকে।
এটি ১৩ নভেম্বর রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন অপূর্ব। ১১ নভেম্বর হাসপাতাল থেকে নিজ বাসায় যান এই অভিনেতা। এখন বিশ্রামে রয়েছেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর