বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দীর্ঘ বিরতির পর আবারও চিত্রাঙ্গনে কাজ শুরু করেছেন। গত বছরের মাঝামাঝি রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।
করোনাকাল শুরু হওয়ার আগেই ছবির শুটিং শেষ করেন কেয়া। এতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। আগামী সপ্তাহে এর ডাবিং শুরু হচ্ছে। পাশাপাশি নতুন একাধিক ছবিতে অভিনয়ের বিষয়ও নিশ্চিত করেছেন এ নায়িকা।
চলতি বছরেই সেগুলোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছবি দিয়েই অভিনয় জগতে আসি। অন্য মাধ্যমে কাজের প্রস্তাব পেলেও ছবি ছেড়ে অন্য কোথাও যাইনি। মাঝে কিছুদিন কর্মহীনও ছিলাম। তারপরও ছবি নিয়েই থাকতে চেয়েছি।
গত বছর থেকেই নতুন করে চিত্রাঙ্গনে কাজ শুরু করেছি। কাজে ফেরার পর সহকর্মী, পরিচালক, প্রযোজকরা দারুণ সহযোগিতা করেছেন; যা এখনও চলমান। কয়েকটি নতুন ছবিতে কাজের বিষয় চূড়ান্ত হয়ে আছে। কিন্তু শুটিং শুরুর আগে এ বিষয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করতে চাচ্ছি না। আশা করছি, আবারও অভিনয়ের মাধ্যমে দর্শকের মন ভরাতে পারব।’ এদিকে সম্প্রতি নতুন একটি টিভি বিজ্ঞাপনের কাজ করেছেন কেয়া।
বাপ্পী সাহার পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে। প্রসঙ্গত ২০০১ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে কেয়ার। এরপর প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেন সফলতার সঙ্গে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ব্ল্যাক মানি’।
নগরকন্ঠ.কম/এআর