বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত খণ্ড নাটকেই অভিনয় করছেন মিম মানতাসা। পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত অভিনয় করছেন। শুরুতে বলেছিলেন ধারবাহিক নাটকে নিজেকে জড়াবেন না। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
মিডিয়া ক্যারিয়ারের দুবছর অতিবাহিত করার পর প্রথমবার ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এ মডেল ও অভিনেত্রী। নাটকের নাম ‘একশতে একশ’। পরিচালনা করছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।
বর্তমানে গাজীপুর জেলার পূবাইলের ভাদুন গ্রামে নাটকের শুটিং চলছে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক নাটকে সচেতনভাবেই কাজ করতাম না। কারণ অভিনয় করছিলাম পড়ালেখার ফাঁকে ফাঁকে।
এছাড়া ধারাবাহিকে কাজ করার বিষয়ে অনেকেই নিরুৎসাহিত করতেন। কিন্তু এবার সেই পরিকল্পনা ঠিক রাখতে পারলাম না। কারণ নাটকের গল্প এবং এতে আমার চরিত্র দুটোই ভালো লেগেছে। তাছাড়া এখন যেহেতু ক্যাম্পাস বন্ধ, তাই পড়ালেখার ব্যস্ততাও নেই বললেই চলে। তবে এ নাটকে কাজ শেষ করার পর সহসাই অন্য কোনো ধারাবাহিকে কাজ করার ইচ্ছা নেই।’ নাটকে মিম অভিনয় করছেন জাহিদ হাসানের স্ত্রীর চরিত্রে। অন্যদিকে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ওয়েব সিরিজেও কাজ করছেন এ অভিনেত্রী। আগামী মাসে সিরিজটির কাজ শেষ হবে।
নগরকন্ঠ.কম/এআর