বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

৩ বছর অন্তরালে, আবারো সরব হচ্ছেন ফারিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চলচ্চিত্রকে ভালোবেসে ২০১৭ সালে রুপালি ভুবনে নাম লেখান হুমায়রা ফারিন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ নামে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি মুক্তির পরই আড়ালে চলে যান এই অভিনেত্রী।

তখন রাইজিংবিডির এই প্রতিবেদককে ফারিন বলেছিলেন—‘এক বছরের জন্য বিরতিতে যাচ্ছি। আর পড়াশোনার জন্যই ক্যামেরা থেকে দূরে যাচ্ছি।’ কিন্তু তারপর কেটে যায় তিন বছর। দীর্ঘ এই বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরছেন এই নায়িকা।

ফারিন রাইজিংবিডিকে বলেন, ‘চলচ্চিত্রে যখন পা রাখি তখন আমি ছোট ছিলাম। মিডিয়া সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না। জাজ মাল্টিমিডিয়াই সবকিছু করেছে। পড়াশোনা শেষ করার জন্যই বিরতিতে ছিলাম। এখন থেকে আবার নিয়মিত হবো।’

নতুন সিনেমা প্রসঙ্গে ফারিন বলেন—‘নতুন একটি সিনেমায় নাম লেখিয়েছি। কিন্তু এখনই নাম বলতে চাচ্ছি না। তবে সিনেমার পরিচালক ও প্রযোজক নতুন। আমি চাচ্ছি, অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করব।’

সাভারের মেয়ে ফারিন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন ফারিন।

তার অভিনীত ‘ধ্যাততেরিকি’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এ সিনেমায় ফারিনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশান। এ ছাড়াও অভিনয় করেন আরিফিন শুভ-নুসরাত ফারিয়া জুটি। রয়েছেন সুষমা, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শামীম হোসেন, চিকন আলী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com