মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নতুন বছরে ভক্তদের জন্য শাহরুখ খানের উপহার

প্রায় দুই বছর পর সিনেমার শুটিং সেটে শাহরুখ খান। ‘জিরো’ মুক্তির পর বেশ লম্বা সময় ধরে আর কোনো সিনেমা মুক্তি পায়নি বলিউডের এই তারকা অভিনেতার। অবশেষে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে দর্শকের মাঝে ফিরে আসছেন তিনি। মুম্বাইয়ের যশরাজ ফিল্মসের নিজস্ব স্টুডিওতে ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তবে ভক্তদের জন্য সুসংবাদ, সিনেমাটিতে শাহরুখের ভিন্ন লুক দেখার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।

সিনেমার একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ইতিমধ্যেই সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়েছে। যশরাজ ফিল্মস চাইছে সিনেমাটির একটি প্রথম লুক তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। আশা করা যায় ১ জানুয়ারিতে নতুন বছরের উপহার হিসেবে ভক্তদের জন্য প্রথম লুক প্রকাশ করা হবে। যদিও সিনেমাটি নিয়ে এখনো অফিশিয়ালি কোনো কিছু জানায়নি যশরাজ। তবে দীর্ঘদিন পর শাহরুখ সিনেমার শুটিংয়ে ফেরায় ভক্ত-দর্শকের উচ্ছ্বাসটা দারুণ।

প্রসঙ্গত, বলিউড বাদশাহর সঙ্গে এ সিনেমাতে আরও অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। কথা রয়েছে সিনেমায় একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউডের আরেক সুপারস্টার সালমান খান। তবে তিনি কবে নাগাদ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com