মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
আরো একটি সাফল্য যোগ হলো জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ারে। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০- এ বিদেশি ভাষার সিনেমার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে আবারো দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি। কলকাতার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমার জন্য আন্তর্জাতিক এই স্বীকৃতি পেলেন জয়া আহসান।
শুধু জয়াই নন, ‘রবিবার’ সিনেমার জন্য অতনু ঘোষ পেয়েছেন বিদেশি ভাষার সিনেমার সেরা চিত্রনাট্যের পুরস্কার।
সম্প্রতি শেষ হয়েছে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদানের একটি ভিডিও শেয়ার করেছেন ‘রবিবার’ সিনেমার পরিচালক অতনু ঘোষ। সেখানেই জানা গেল, চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার সিনেমা বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান।
এই বিভাগে পুরস্কারের জন্য ভিনদেশি অন্তত ১৫ জনের মতো অভিনেত্রী মনোনয়ন পেয়েছিলেন। তবে সবাইকে ছাপিয়ে জুরি বোর্ডের বিচারকদের নজর পড়ে জয়ার দুর্দান্ত অভিনয়ে। তার প্রতিদান পেলেন তিনি।
জয়া আহসানও খবরটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।
জয়া বলেন, বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার (নির্মাতা)। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো?
২০১৯ সালের ২৭ ডিসেম্বর মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’। এতে প্রথমবার জুটিবদ্ধ হন প্রসেনজিৎ ও জয়া আহসান।