মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকা জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনি। সোমবার এশিয়ার ১০০ জন ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে ফোর্বস। সে তালিকায় পরীমনির নামও রয়েছে।
সোমবার এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসা সাময়িকী ফোর্বস। পরীমনিকে নিয়ে ম্যাগাজিনটি লিখেছে, পরীমনি নামে পরিচতি হলেও তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ডিজিটাল প্ল্যাটফর্মে তার রয়েছে ১ কোটি ফলোয়ার। তার অভিনীত সিনেমা বিশ্বসুন্দরী রয়েছে মুক্তির অপেক্ষায়।
‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি। পরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।
ফোর্বসের এই তালিকায় আরো আছেন বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রনবীর সিং, ঋত্বিক রোশন, আলিয়া ভাট, মাধুরীসহ বেশ কয়েকজন। তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলামও।
একই তালিকার প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, এরপরে অবস্থান চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। তৃতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চনের নাম দেখা যাচ্ছে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের সংগীতশিল্পী, সিনেমা এবং টিভি তারকাদের মধ্যে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাবশালী তাদের নিয়ে এই তালিকা করেছে ফোর্বস এশিয়া।
ফোর্বস এশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সেই সেলেব্রিটিদেরই বেশি গুরুত্ব দিয়েছে যারা সশরীরে বিভিন্ন কাজে সক্রিয় না থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়িয়েছেন এবং আশাবাদকে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি যোগাযোগ রেখেছেন তাদের ভক্তদের সঙ্গে।