মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদের এবার করোনা পজিটিভ

দুঃসংবাদের ওপর দুঃসংবাদ। একে তো ক’দিন আগেই ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে অভিনেতা আব্দুল কাদেরের শরীরে ধরা পড়েছে ক্যান্সারের উপস্থিতি। অবস্থা ভালো না হাওয়া এরই মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে তাকে। এবার ঢাকার একটি হাসপাতালে নমুনা পরীক্ষায় এখন আব্দুল কাদেরের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২০ ডিসেম্বর, রবিবার চেন্নাই থেকে ঢাকার আনার পর তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। গতকাল ২১ ডিসেম্বর, সোমবার বিকালে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

তিনি জানান, সকালে করোনার পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। বিকালে ফলাফল পজিটিভ আসে।

এসময় শ্বশুরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন জেমি।

বেশ কিছুদিন ধরে ব্যাকপেইনের সমস্যায় ভুগছিলেন আব্দুল কাদের। দেশে থাকার সময় সিটি স্ক্যানে তার টিউমার ধরা পড়ে। কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসায়ও ভালো না হওয়ায় দেশের বাইরে চিকিৎসার জন্য যান তিনি।

শুরুতে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় সে পরিকল্পনা পাল্টে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয় আব্দুল কাদেরকে। গত ৮ ডিসেম্বর তাকে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, আব্দুল কাদেরের অগ্নাশয়ের ক্যান্সার ইতোমধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। বর্তমান অবস্থায় আব্দুল কাদেরকে কেমোথেরোপি দেয়া সম্ভব না হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘প্যাকেজ সংবাদ’-এর মতো বহু টিভি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র কারণেও তিনি বেশ জনপ্রিয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com