রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
কোভিডের জেরে টানা গৃহবন্দি থেকে এখন অনেকেই বাড়ির বাইরে যাওয়ার জন্য বেপরোয়া। ভাইরাসকে তাচ্ছিল্য করে বড়দিন আর বছর শেষের আনন্দে মশগুল। আর এই মরশুমে আনন্দ উদযাপন মানেই পানের অনুষঙ্গও থাকবে। নারী-পুরুষ নির্বিশেষে এখন এ বিষয়ে ছুঁৎমার্গ আর নেই বললেই চলে। তবে নিয়ন্ত্রণ না থাকলে পানের অভ্যাসই ডেকে আনতে পারে বিপদ। অনিয়ন্ত্রিত মদ্যপানের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে কোভিড-১৯ সহ অন্যান্য রোগের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, বললেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ দেবকিশোর গুপ্ত।অনেকেই মদ্যপান আর ধূমপানের যুগলবন্দি না হলে খুশি হন না। এঁদের বিপদ আরও বেশি, আচমকা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এক্ষেত্রে। যাঁদের ডায়বিটিস, হাই ব্লাডপ্রেশার, হাঁপানি বা অন্যান্য ক্রনিক অসুখ আছে আর ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, তাঁদের এক ইউনিটের বেশি মদ্যপান করলে আচমকা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে বলে সাবধান করছেন দেবকিশোর গুপ্ত। জানাচ্ছেন, মদ্যপান করলে সরাসরি মস্তিষ্কে তার প্রভাব পড়ে। মাথা ঝিমঝিম থেকে শুরু করে হাঁটতে গেলে টলোমলো ভাব, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা, কথা জড়িয়ে যাওয়ার মতো নানান অসুবিধের মুখে পড়তে পারেন কেউ কেউ।