শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম জেলা কারাগারে অরবিন্দ (৬৫) নামে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার শরিফুল আলম।
অরবিন্দ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাজেমজুরাই গ্রামের খৈশাল রায়ের ছেলে। তার মৃত্যুর খবর পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারাগারের জেলার জানান, অরবিন্দ মাদক সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২১ ডিসেম্বর থেকে তিনি সাজা ভোগ করছিলেন। আগে থেকেই তিনি অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
রবিবার সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত বরণ করেন।
জেলার আরো জানান, অরবিন্দের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ ১৮ জানুয়ারি, সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।