বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
তিন দফা দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষ।
এর আগে দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছে সন্ধ্যা প্রায় ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
তবে সচিবালয়ের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। সচিবালয়ে প্রবেশে বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।