নতুন খবর হচ্ছে, দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় ফিরেছেন স্বাগতা। তার একটি নয়, একসঙ্গে তিনটি ছবির কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেগুলো হচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ এবং অন্য দুটি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’।
অনেকটা নিরবেই এই তিনটি ছবির কাজ শেষ করেছেন স্বাগতা। তিনি জানান, ‘ইচ্ছে করেই খবরটি কাউকে জানায়নি।’ কিন্তু এতদিন বড় পর্দা থেকে বাইরে ছিলেন কেন অভিনেত্রী? স্বাগতা বলেন,
‘গল্প ভালো না লাগলে ছবিতে কাজ করার আগ্রহ পাই না। সর্বশেষ যে ছবিটির কাজ করেছিলাম, সেটি সরকারি অনুদানের ছিল, গল্পও ভালো লেগেছিল। এরপর কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও গল্প ভালো লাগেনি। তাই কাজ করা হয়নি।’
তবে নতুন ছবি তিনটির গল্প ভীষণ ভালো লেগেছে বলে জানান স্বাগতা। তার কথায়, ‘কাউকে জানাতে চাইনি। চেয়েছি আগে শুটিং শেষ হোক, তারপর জানাব। অনেকদিন পর সিনেমার শুটিংয়ে ফিরে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এখন বড় পর্দায় নিজেকে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি।’






















