শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:২২ অপরাহ্ন
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ৪ টায় গণভবনে হবে এই সংবাদ সম্মেলন।
সেখান থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের কাছ থেকে বাংলাদেশ আজ রাতে স্বল্পোন্নত দেশ–এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সিদ্ধান্ত পেতে যাচ্ছে। এ নিয়ে সংস্থাটির কমিটি ফর ডেভেলপম্যান্ট পলিসির সিডিপি পর্যালোচনা সভা আজ। সভাতেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে যাবে না এলডিসি থাকবে সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
জাতিসংঘের এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার জন্য সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ত্রিবার্ষিক মূল্যায়নের পর আজ শুক্রবার রাতে এই ঘোষণা দিতে পারে। ২২ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক শেষে সিডিপি বাংলাদেশকে এই সুপারিশ করতে যাচ্ছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
তবে এলডিসি থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার চূড়ান্ত স্বীকৃতি মিলতে বাংলাদেশকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে। সাধারণত সিডিপির সুপারিশের তিন বছর পর চূড়ান্ত স্বীকৃতি মেলে। কিন্তু গত ১৫ জানুয়ারি সিডিপির সঙ্গে বৈঠকে বাংলাদেশ আরও দুই বছর সময় চেয়েছে। সিডিপি বাংলাদেশের সেই অনুরোধ রেখে সুপারিশ করলে ২০২৬ সালে চূড়ান্ত স্বীকৃতি মিলবে। ওই বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই চূড়ান্ত স্বীকৃতি দেবে।
এলডিসি তালিকা প্রথম প্রণয়ন করা হয় ১৯৭১ সালে ২৪টি দেশ নিয়ে। বাংলাদেশ এলডিসিভুক্ত হয় ১৯৭৫ সালে। বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা ৪৬টি।