রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করবেন প্রিয়াঙ্কা-নিক

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর অস্কার। প্রতি বছর ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে আগামী ২৫ এপ্রিল লস এঞ্জেলেসের ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।

তার আগে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পাওয়াদের তালিকা ঘোষণা করবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আগামী সোমবার দুই পর্বে ২৩টি শাখায় মনোনীতদের নাম জানাবেন জনপ্রিয় এই তারকা জুটি। এ নিয়ে টুইটারে একটি সেলফি ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

মনোনয়ন ঘোষণার শুরুতে পার্শ্বঅভিনেতা, পার্শ্বঅভিনেত্রী, পোশাক পরিকল্পনা, মৌলিক আবহসংগীত, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও মৌলিক চিত্রনাট্য শাখার মনোনীতদের নাম জানা যাবে।

দ্বিতীয় পর্বে জানানো হবে, সেরা চলচ্চিত্র, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, অ্যানিমেটেড ছবি, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, শিল্পী নির্দেশনা এবং ভিজ্যুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা।

এ বছর অস্কারে কোন ছবিগুলো মনোনয়ন পাবে তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। অস্কারদৌড়ে এগিয়ে আছে নোম্যাডল্যান্ড। ভেনিস চলচ্চিত্র উৎসব, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং গোল্ডেন গ্লোব আসরে পুরস্কৃত হয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত এই ছবি। এছাড়া, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ ছবিটি মনোনয়নে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। সাকা কিং পরিচালিত ছবিটি আমেরিকান অ্যাকটিভিস্ট ও সমাজকর্মী ফ্রেড হ্যাম্পটনকে নিয়ে।

এমারেল্ড ফেনেল পরিচালিত প্রমিজিং ইয়ং ওমেন ছবিটিও অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা করে নেবে বলে ভাবা হচ্ছে। এছাড়া, ওয়ান নাইট ইন মিয়ামি এবং নিউজ অব দ্য ওয়ার্ল্ড, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন এবং মিনারিসহ বেশ কয়েকটি সিনেমা মনোনয়নের দৌড়ে এগিয়ে আছে। মনোনয়ন পেতে পারে প্রিয়াঙ্কা চোপড়া অভিনিত ও প্রয়োজিত নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটিও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com