রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

স্ট্যাটাস দিয়ে বিবাহ বিচ্ছেদের খবর জানালেন ক্লোজআপ তারকা

২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে ব্যাপক ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাড়া জাগানো সংগীতশিল্পী সাজিয়া ইসলাম পুতুল।  কিন্তু, বিয়ের কিছুদিনের মাথায় তার সংসার ভেঙে যায়। তিনি দীর্ঘদিন সে খবর গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি। এবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে নিজেই জানালেন বিচ্ছেদের খবর।

তিনি লিখেছেন বিয়ে ঘটা করে হবার বিষয়, বিচ্ছেদে ঘটা করার কিছু নেই।

গতকাল ১৪ মার্চ (রবিবার) নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন পুতুল। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো পাঠকদের জন্য-

দুই বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই পথটা ঠিক যেনো আমার কল্পনার সেই পথটা নয়, যে পথে আনন্দে হেঁটে নেয়া যায় অক্লেশে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিলো চূড়ান্ত দ্বন্দ্বে। সম্পর্ক মুমূর্ষু হচ্ছিলো, ক্ষতিগ্রস্ত হচ্ছিলো আমার সৃষ্টিশীল সত্তা।
বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই। হয়েছিলো বিচ্ছেদ। অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা, সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার। বিয়েটা ঘটা করে হবার বিষয়, বিচ্ছেদে ঘটা করার কিছু নেই। বিচ্ছেদে বিষাদের সুর বাজে আত্মায়। সেই সুর মন পাড়াতে একলা বাজা-ই ভালো। সকলকে নিয়ে সেই বিচ্ছেদী সুর উদযাপনের কিছু নেই। কিন্তু চূড়ান্ত সত্য এই, সেই বিষাদে কোথাও মুক্তির গন্ধ মিশে থাকে, থাকে মুমূর্ষুতার অবসানে লম্বা করে নিশ্বাস নেয়া। জীবনটা বেঁচে ওঠার সুযোগ পায় আরো একবার। সেই জীবনটাকে বাঁচিয়ে দেয়া জীবনের প্রতিই সুবিচার বলে বিশ্বাস করি।
আজ এতো দিন পর এই কথাগুলো বলার একটাই কারণ। সম্পর্কটার ভিতরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো আজ। যেহেতু একক জীবনযাপন করছি, এই দিনটার কোনো বিশেষত্ব বা মহিমা নেই। বছরের অন্য দিনগুলোর মতোই একটা তারিখ মাত্র। শুভেচ্ছা শুভকামনা জানানোর কিছু নেই। জীবন সহজ হবার স্বপ্নে যেমনি শুভকামনা জানাই নিজেকে নিজে প্রতিদিন, আজও তা জানাচ্ছি। ফেসবুক যতোই স্মৃতিতে ফেরাতে চাক দুই বছর আগের আজকের দিনে, নিজের কাছে নিজের প্রত্যয় কেবলই সামনে তাকানোর।
মঙ্গল হোক সবার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com