শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কর্মকর্তাদের নিয়ে করা মন্তব্য নিয়ে কোনো অনুতাপ নেই সাকিব আল হাসানের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার কর্মকর্তাদের নিয়ে করা মন্তব্য নিয়ে কোনো অনুতাপ নেই সাকিব আল হাসানের। আরেকটি সাক্ষাৎকারে বলেছেন, কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করেন বলে দিয়েছেন।

বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে রবিবার রাতে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। উৎপলের ব্যক্তিগত ওয়েবসাইটে সেই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি,’ মন্তব্য করে সাকিব বলেন, ‘যা ঠিক মনে করি, বলে দিয়েছি।’

এর প্রতিক্রিয়া কী হতে পারে সেই ভাবনাও সাকিবের মনে আসেনি, ‘কী প্রতিক্রিয়া হবে, এ নিয়ে ভাবি না। আমি চিন্তা করলে বড় চিন্তা করি। আচ্ছা আপনিই বলেন, আমি যা বলেছি, তাতে কি আমার নিজের কোনো লাভ আছে? নিজের লাভ তো গাধাও বোঝে। আমি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কথাগুলো বলেছি। কারও যখন বলার সাহস নাই, আমিই না হয় বললাম। আমার ব্যক্তিগত লাভের জন্য তো বলি নাই। কেউ যদি এটা ভালোভাবে নিতে চায়, তা ক্রিকেটের জন্য ভালো হবে। আমরা যদি ভালো করতে চাই, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই, তাহলে তো আমি আমার কথায় কোনো সমস্যা দেখি না।’

আলাপে উৎপল শুভ্র সাকিব ইস্যুর প্রায় প্রতিটি দিক নিয়ে কথা বলেছেন। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ইচ্ছা করে এমন বিতর্ক তৈরির চেষ্টা করছেন কি না, যাতে বিসিবি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। তখন রাগ করে বাংলাদেশের পক্ষে খেলা ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারেন।

এ বিষয়ে সাকিবের উত্তর এমন, ‘তাই নাকি? এমন কথা হচ্ছে নাকি! কারও মনে যদি এমন চিন্তা এসে থাকে, তবে তা ভুল চিন্তা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com