রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিনেমায় মিথিলার অভিষেক, নায়ক নিরব

মডেলিং, গান ও অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে আসছেন রাফিয়াথ রশিদ মিথিলা। প্রচুর নাটকে কাজ করেছেন, এখন ওয়েব সিরিজেও নিয়মিত। কিন্তু বড় পর্দায় তাকে কবে দেখা যাবে প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হতেন জনপ্রিয় এই তারকা। তিনি বলতেন, ‘চাকরি, পড়াশোনা, সংসার, সন্তান রেখে সিনেমার জন্য এত লম্বা সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’ অবশেষে মিথিলা ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর। আলোচিত নির্মাতা অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন সুদর্শন মডেল ও অভিনেতা নিরব হোসেনকে। ২৪ ও ২৫ মার্চ দুদিন শ্যুটিং হবে ছবিটির। অবশেষে সিনেমায় অভিনয় করতে রাজি হলেন। পেছনের কারণটা কী? জানতে চাইলে দেশ রূপান্তরকে মিথিলা বলেন, ‘আমি কিন্তু সব সময় চেয়েছি সিনেমা করতে। তবে সময়ের অভাব ছিল। এখন হাতে একটু সময় পাচ্ছি। তা ছাড়া ওয়েব সিরিজের কাজ করতে গিয়ে মনে হয়েছে, আমি তো শিডিউল মিলিয়ে কাজ করতে পারছি। তাহলে সিনেমাও করতে পারব। সে জন্য এখন ছবিটি করছি।’ তিনি আরও বলেন, ‘গত বছর থেকেই দেশে ও কলকাতায় ভালোই সিনেমার প্রস্তাব পেয়েছি। কিছু ছবির চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছিল। তার মধ্যে লকডাউন শুরু হওয়ায় সব কাজ স্থগিত হয়ে যায়। বইমেলায় ‘লাইট অফ হোপ’ থেকে আমার লেখা প্রথম বই ‘তানজানিয়ার দ্বীপে’ প্রকাশ হচ্ছে। সেটির মোড়ক উন্মোচন করতে গতকালই ঢাকায় ফিরেছি। তখনই “অমানুষ” ছবিতে চুক্তিবদ্ধ হই। তাই এটিই হচ্ছে আমার প্রথম সিনেমা।’

সিনেমার পরিচালক অনন্য মামুনও তথাকথিত বাণিজ্যিক ঘরানার সিনেমার মানুষ। আর মিথিলা এত দিন যে কাজ করেছেন, সেগুলো অন্য ধরনের। কোন বিষয়টি এই ছবি করতে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে? এই প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘আসলে সব ছবিই বাণিজ্যিক চিন্তায় বানানো হয়। তবে আমাদের দেশে বাণিজ্যিক ছবি বলতে নাচ-গানের সিনেমাকে বোঝায়। ছবির পরিচালক ও নায়ক এ ধরনের কাজ বেশি করেছেন। তবে এই ছবিটি একেবারে তেমন ছবি নয়। তা ছাড়া এখন ওই ধরনের ছবি খুব একটা হচ্ছেও না। এখন গল্পনির্ভর ছবিই হচ্ছে। এই ছবির গল্পটি আমার খুব ভালো লেগেছে। পুরোপুরি থ্রিলার বলা যাবে না, তবে একটা টানটান উত্তেজনায় ভরা গল্প।’ তিনি আরও বলেন, ‘ছবির পরিচালকের ব্যক্তিগত জীবন বা আলোচনা-সমালোচনা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তিনি এর আগে যে কাজগুলো করেছেন তার কিছু কিছু দেখে মনে হয়েছে তিনি ভালো নির্মাতা। নুসরাত ইমরোজ তিশা, আরিফিন শুভ, তারিক আনাম খান, স্পর্শিয়ার মতো শিল্পীরা তার সঙ্গে কাজ করেছে। এসব কারণে ছবিটি করতে সাহস পেয়েছি।’

ছবির নায়ক নিরবকে নিয়ে মিথিলা বলেন, ‘নিরব আমার খুব ভালো বন্ধু। প্রায় ১৫ বছর আগে থেকে তার সঙ্গে আমার পরিচয়। তখন অমিতাভ রেজার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলাম। এরপর সে বাণিজ্যিক ঘরানার ছবিতে ব্যস্ত হয়ে যায় আর আমি নাটকে। তাই একসঙ্গে আর কাজ করা হয়নি। কিন্তু যোগাযোগ নিয়মিত ছিল। সে-ই মূলত এই ছবির জন্য আমার সঙ্গে অনন্য মামুনকে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমি খেয়াল করেছি, নিরব আজকাল অভিনয়ের দিকে খুব মনোযোগ দিচ্ছে। তার কসাই ছবির ট্রেলার দেখলাম। একেবারে নতুন নিরবকে পেয়েছি সেখানে। শুধু তা-ই নয়, এখন সে ছবির গল্প, চরিত্র ও কো-আর্টিস্ট সবকিছুতেই আগের চেয়ে বেশি চুজি হয়েছে। আমার বিশ^াস, অমানুষ ছবিতেও সে যে চরিত্রটি পেয়েছে, সেটিতে দারুণ অভিনয় করবে।’

‘অমানুষ’-এ নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘এ ধরনের চরিত্রে আগে কাজ করিনি। এখানে আমি বিদেশে বড় হওয়া একজন বাংলাদেশি। দেশে ফিরে একটি কাজ করতে গিয়ে বিপদে পড়ি। সেই বিপদ থেকে উদ্ধার পেতে কী কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তাই দেখানো হবে ছবিতে। শেষ পর্যন্ত উদ্ধার পাব কি না, তা জানতে দর্শককে ছবিটি দেখতে হবে।’

দীর্র্ঘদিন পর মিথিলাকে নায়িকা হিসেবে পেয়ে উচ্ছ্বসিত নিরব বলেন, ‘আশা করছি প্রথমবার আমাদের দুই বন্ধুর জুটিকে দর্শক পছন্দ করবেন।’ পরিচালক অনন্য মামুন জানান, ২৪ মার্চ থেকে ঢাকায় ‘অমানুষ’-এর শ্যুটিং হবে। এপ্রিলে বান্দরবানের বিভিন্ন লোকেশন চলবে সিনেমাটির শ্যুটিং। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।

এদিকে সম্প্রতি জি ফাইভে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। এই ছবিতে প্রথমবারের মতো পাশের বাড়ির মেয়ের ইমেজ ছেড়ে রাজনীতিবীদের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা। তিনি বলেন, ‘এর আগে ওয়েব সিরিজ একাত্তরে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে দেশে ও কলকাতায় দারুণ প্রশংসা পেয়েছিলাম। এবার রাজনীতিবিদ চরিত্রেও দর্শক আমাকে অ্যাকসেপ্ট করেছে। তাই দিন দিন চ্যালেঞ্জিং চরিত্রে কাজের প্রতি উৎসাহ বাড়ছে।’

জনপ্রিয় ব্যান্ডতারকা জেমসের ক্যামেরায় মিথিলা ধরা দিয়েছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com