শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
‘রুপকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আজ রোববার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উপলক্ষে জেলায় দুই দিন ব্যাপী উন্নয়ন মেলাসহ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে কানাইখালী পুরণো ষ্টেডিয়ামে বেলা ১১টায় সেমিনার শুরু হয়।
সেমিনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম।
সেমিনারে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক জুবায়ের, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।
সেমিনারে বক্তারা বলেন, উন্নয়নের বিভিন্ন সূচকে অনেক দেশকে পেছনে ফেলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র ৯৪ ডলার। বর্তমানে তা বেড়ে হয়েছে দুই হাজার ৬৪ ডলার। ২০২১ সালে উন্নত বাংলাদেশের কাংখিত লক্ষ্যে ঐ সময়ে মাথাপিছু আয় হবে কমপক্ষে সাড়ে ১২ হাজার ডলার। উন্নয়নের বিভিন্ন খাত ভিত্তিক পরিকল্পনা ছাড়াও রুপকল্প-২০৪১ পরিকল্পনায় অভীষ্ট লক্ষ্য অর্জনে সুশাসন, গণতন্ত্রায়ণ, বিকেন্দ্রীয়করণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ও অন্তর্ভূক্ত করা হয়েছে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ হবে একটি মানবিক রাষ্ট্র।
পরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যে উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ শেষে রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।