শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া সব ধরনের কাগজ ও ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার দুপুরে ডিএমপি সদর দফতরে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সঙ্গে এক সমন্বয় সভা করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সভায় বেশকিছু নির্দেশনা গৃহীত হয়।
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা।
সভায় করোনা প্রাদুর্ভাবের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্যে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্যে থার্মাল স্ক্যানার, জীবানুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।
ডিএমপি জানিয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে শেষ করতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। গৃহীত ব্যবস্থার মধ্যে-পরীক্ষা কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্যকোন কাগজ সঙ্গে নিতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সব পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে প্রবেশ করানো হবে। কেন্দ্র ইনচার্জ ছাড়া কেউ মোবাইল ফোন কাছে রাখতে পারবেন না। তল্লাশি কাজে থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিনিধিরা। ভর্তি পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব বা প্রোপাগান্ডা ছড়ানো রুখতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপ (হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার, ভাইভার, ইমু ইত্যাদি) যোগাযোগ মাধ্যম মনিটরিং করবে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগ।
সভাপতির বক্তৃতায় ডিএমপি কমিশনার বলেন, একটি স্বচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। যারা যোগ্য তারাই এই পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ভর্তির সুযোগ পাবে। করোনাভাইরাসের কারণে গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা রয়েছে। যার ফলে পরিবহন সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় মেডিকেল পরীক্ষায় অংশ গ্রহণকারীরা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যাতে পরীক্ষার্থীরা ২ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের যে সব সদস্য মেডিকেল ভর্তি পরীক্ষায় ডিউটিতে নিয়োজিত থাকবেন, তাদেরও অবশ্যই মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২এপ্রিল শুক্রবার অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ৪৭ হাজার শিক্ষার্থী।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটু মিয়া, মুগদা মেডিকেল কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. এম এ হামিদ, ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডা. আ ফ ম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (এ্যাক্টিং) আবু হোসাইন মো. আহসান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদেরসহ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com