শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

হলিউডে অভিষেকের অপেক্ষায় বলিউড তারকা হুমা কোরেশি

হলিউডের ছবিতে বলিউড তারকাদের বিচরণ নতুন কোন বিষয় নয়। এই তালিকা অনেক দীর্ঘ। তবে সবশেষ নামটি যোগ করেছেন হুমা কোরেশি।

ডাকসাইটে পরিচালক জাক স্নাইডারের ‘আর্মি অফ দ্য ডেড’ ছবির মধ্যে দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। ছবির ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে। তাতে বেজায় খুশি হুমা। সঙ্গে সঙ্গে শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমে।

জাক স্নাইডার এরই মধ্যে অনেকগুলো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। প্রখ্যাত ‘৩০০’ ছবির সিরিজ তাঁর তত্ত্বাবধানে তৈরি। ‘ম্যান অফ স্টিল’, ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’, ‘জাস্টিস লিগের’ মতো সুপারহিরো সিনেমা তৈরি করেছেন জ্যাক। তাই স্নাইডার পরিচালিত ‘আর্মি অফ ডেড’ ছবিতে স্বল্প চরিত্রে অভিনয় করেও খুশি হুমা কোরেশি। ট্রেলার শেয়ার করে ক্যাপশনে সে কথাই জানিয়েছেন তিনি।

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ডাব্লিউডাব্লিউই খ্যাত রেসলার ডেভ বাতিস্তা। আছেন এলা পারনেল, ওমারি হার্ডউইকের মতো অভিনেতাদেরও। ছবিতে হুমার চরিত্রের নাম গীতা। তবে গল্পে চরিত্রটি কীভাবে এসেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।  মার্চে শেষ হয় ছবিটির সব কাজ। মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে ২১ মে। আর সেই দায়িত্ব নিয়েছে- নেটফ্লিক্স।

হলিউড ছাড়াও সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের একটি নতুন সিরিজে দেখা যাবে হুমাকে। সুভাষ কাপুর পরিচালিত সিরিজটির নাম ‘মহারানী’।  সিরিজে হুমার চরিত্রের নাম রানি ভারতী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর অনুপ্রেরণায় তৈরি চরিত্রটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com