শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শুভশ্রী ও জিৎ করোনায় আক্রান্ত, নিভৃতবাসে দু’জনেই

ভারতের সিনে তারকাদের করোনা আক্রান্তের তালিকা প্রতিদিনই বড় হচ্ছে। বলিউড থেকে টলিউড সবখানেই হানা দিচ্ছে করোনা ভাইরাস। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী ও অভিনেতা জিৎ। মঙ্গলবার  দুজনেই নিজেদের সামাজিক মাধ্যমে সেই খবর দিয়েছেন।

শুভশ্রী করোনা পজিটিভ হলেও করোনার কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান। নির্বাচনী কাজে আপাতত ব্যারাকপুরেই রয়েছেন রাজ চক্রবর্তী। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আরবানার ফ্ল্যাটেই নিভৃতবাসে রয়েছেন শুভশ্রী।  এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হন। গত ১৭ সেপ্টেম্বর রাজের শরীরে করোনা পাওয়া যায়। দুর্ভাগ্যবশত, তার দেড় সপ্তাহের মধ্যে করোনায় প্রাণ হারান তাঁর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। সে সময়ে শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবারই তাঁর করোনার রিপোর্ট পজিটিভ হওয়ার কথা ইনস্টাগ্রামে পোস্ট করেন শুভশ্রী ৷

অন্যদিকে করোনায় আক্রান্ত অভিনেতা জিৎ। টুইট করে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। কিছুক্ষণ আগে একটি টুইট করে তিনি জানান, ‘সকলকে জানাতে চাই যে আমি করোনায় আক্রান্ত। বাড়িতে আইসোলেশনে রয়েছি। এবং চিকিৎসকের পরামর্শ মানছি। গত কয়েকদিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের অনুরোধ করছি, আপনারা নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন এবং যত্ন নিন’।

দ্বিতীয় দফায় ভারতে কার্যত তাণ্ডব শুরু করেছে করোনা। দেশজুড়ে আগের থেকে সংক্রমণের হার অনেকটা বেড়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪২৬ জন। করোনা থাবা বসিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। বলিউডে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। আপাতত তিনি গৃহবন্দী। বাদ যায়নি টলিউডও। এই ইন্ডাস্ট্রিতে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, ভরত কল, চান্দ্রেয়ী ঘোষরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com