বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
গাজা উপত্যকায় গত নয় দিনে ইসরায়েলের হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সেখানকার প্রায় ৪৫০টি ভবন বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় সম্পর্ক বিভাগ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
সংস্থার মুখপাত্র জেনস লার্ক জানিয়েছেন, গাজায় জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে প্রায় ৪৭ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। ১৩২টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ৩১৬টি ভবনের ক্ষতির মাত্রা অনেক বেশি। এসব ভবনের মধ্যে ছয়টি হাসপাতাল ও ৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
ইসরায়েলি দখলদারদের একের পর এক রকেট হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও পানির। কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সেখানে মানবিক তহবিলের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এক টুইটে জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা দেখছি গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার বাড়িঘর ও জরুরি স্থাপনাগুলো তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক মহলের উচিত দ্রুত মানবিক তহবিল গঠন করে ফিলিস্তিনিদের সাহায্য করা।