শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
অতিমারির সঙ্গে লড়াইয়ে ধ্বস্ত মানুষের কাছে বিনোদন এখন মুঠোফোন বা টেলিভিশন স্ক্রিনেই সীমাবদ্ধ। গত বছরের মতো এ বছরও সিনেমা হলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। হিন্দিতে একের পর এক ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও, বাংলার ক্ষেত্রে ছবিটা আলাদা। এখানে ছোট-বড়-মাঝারি বাজেটের নানা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। তবে ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক-পরিচালকই ছবির চেয়েও এই মুহূর্তে বেশি চিন্তিত অতিমারি মোকাবিলা নিয়ে। ব্যক্তিগত স্তরেও বিপর্যস্ত অনেকে। কেউ স্বজন হারিয়েছেন, কেউ আক্রান্তদের সাহায্যে ব্যস্ত। তাই ছবির ভবিষ্যৎ এই মূহূর্তে থমকে।
চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। তিনি আপাতত ব্যস্ত কোভিড মোকাবিলায়। পরমব্রত বললেন, ‘‘পরিস্থিতি এখন এতটাই গম্ভীর যে, সেটা কাটিয়ে বেরিয়ে আসাই প্রাথমিক কাজ। আগামী ২৫ জুন ‘অভিযান’-এর স্ক্রিনিং হবে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। বাংলার দর্শকের কাছে ছবিটা কবে পৌঁছবে, তা এখনই বলা মুশকিল।’’