বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে সারা দেশে ট্রেন, লঞ্চ ও দূরপাল্লার বাস বন্ধ ছিলো ৪৯ দিন। দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসযাত্রীদের গুনতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া।
আজ সোমবার (২৪ মে) দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালে ফের কর্মচাঞ্চল্য। বাসে টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট শুধুমাত্র অনলাইনে কাটা যাবে। কাউন্টারে দেওয়া হবে না। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, কোনো যাত্রীকে মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।