বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রম। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, এবারের এ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যা পরবর্তী ক্লাসে ওঠার ক্ষেত্রে কাজে দেবে। এদিকে এখন পর্যন্ত ৩০ সপ্তাহের এ্যাসাইনমেন্ট তৈরী করা হয়েছে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত এ্যাসাইনমেন্ট চালু করেছিলো শিক্ষামন্ত্রনালয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের হিসেবে প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নেয়।
নতুন বছরের মাধ্যমিকেও চালু থাকে এই কার্যক্রম। এবার একাদশ শ্রেনীর শিক্ষার্থী যারা ২০২২ সালে বসবে চূড়ান্ত বোর্ড পরীক্ষায় সেই ১২ লাখ শিক্ষার্থীর জন্য চালু হচ্ছে এ্যাসাইনমেন্ট। ১৪ জুন থেকে সারাদেশের সরকারী বেসরকারী মিলিয়ে প্রায় ৫ হাজার কলেজে চলবে এই কার্যক্রম।
কলেজ শিক্ষার্থীদের জন্য আপাতত সপ্তাহে দুটি করে মোট ৩০ সপ্তাহের ৬০টি এ্যাসাইনমেন্টের কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই এ্যাসাইনমেন্টর নম্বর দ্বাদশ শ্রেনীতে ওঠার ক্ষেত্রে মূল্যায়ন হিসেবে কাজে আসবে। তবে এসাইনমেন্টে কেউ অনৈতিকতার আশ্রয় নিলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন মহাপরিচালক।
গত বছর থেকে বন্ধ রয়েছে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে ২০২১ সালের এসএসসির জন্য ৬০ আর এইচএসির জন্য ৮৪ কার্যদিবসের সিলেবাস তৈরী করা হয়েছে। আর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আগাম ১৮০ কার্যদিবসের সিলেবাস তৈরী করা হলো। সেই সিলেবাসের আদলেই হচ্ছে এ্যাসাইনমেন্ট।