শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় একের পর এক চমক দিচ্ছেন। তাই পাল্লা দিয়ে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা। এই তারকার জন্মদিন ছিল গত ২২ জুন। অসংখ্য অনুরাগী তার ৪৭তম জন্মদিন মহাসমারোহে উদ্যাপন করছেন। বলিউড ও দক্ষিণী ছবির বড় বড় তারকাও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই বিশেষ দিনে তিনিও ফ্যানদের দারুণ চমক দিয়েছেন। তার নতুন ছবি ‘বিস্ট’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। চমক এখানেই শেষ নয়। এই ছবির সঙ্গে তিনি দক্ষিণী ছবির দুনিয়ায় এক বড়সড় রেকর্ড গড়েছেন। জানা গেছে, ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। এর মাধ্যমে তিনি দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকেও পেছনে ফেলে দিয়েছেন। ‘দরবার’ ছবির জন্য রজনীকান্ত নিয়েছিলেন ৯০ কোটি রুপি। এ মুহূর্তে বিজয় তামিল ছবির দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা। এ বছর জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত তার ‘মাস্টার’ ছবিটি ২০০ কোটি রুপি ব্যবসা করেছে। এই অতিমারীর মধ্যে ‘মাস্টার’ সবচেয়ে বেশি আয়ের ছবি হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে। এই দক্ষিণী তারকার জন্ম চেন্নাইতে। তার আসল নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি ‘থালাপতি’ নামে জনপ্রিয়। বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর বলিউডের নামকরা চিত্রপরিচালক ছিলেন। বাবার পরিচালিত ১৫টি ছবিতে তিনি কাজ করেছেন। ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয়। তার মোট সম্পত্তির পরিমাণ ৪১০ কোটি রুপি।