শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
মেকআপ ছাড়া অভিনয়, ভাবা যায়! বিনোদন জগত আর গ্ল্যামার যেন একে অপরে পরিপূরক। পর্দা হোক বা পর্দার বাইরে, মেকআপ ছাড়া অভিনেতা-অভিনেত্রীদের আমরা ভাবতেই পারি না। বিনোদন এবং গ্ল্যামারের এই সমীকরণের সম্পূর্ণ বিপরীতে হেঁটে নজির তৈরি করেছেন এই দক্ষিণী তারকা। কখনও মেকআপ করেন না ইনি! মুখের ব্রণর লাল দগদগে দাগ আর উস্কোখুস্কো চুল নিয়েই চুটিয়ে অভিনয় করে চলেছেন।
তার পুরো নাম সাই পল্লবী সেন্থামারাই। ১৯৯২ সালে ৯ মে তামিলনাড়ুর নীলগিরি জেলার কোটাগিরিতে জন্ম তার। ছোটবেলা কেটেছে কোয়ম্বত্তূরে। তবে মা-বাবা এবং বোনের সঙ্গে এখন কোচিতে থাকেন। তার বাবা আবগারি দফতরে কাজ করেন। মা এক জন নৃত্যশিল্পী। মাকে দেখেই ছোট থেকে নাচের প্রতি ভালবাসা তৈরি হয়েছে তার। সাই পল্লবী কখনও নাচ শেখেননি। কিন্তু প্রশিক্ষিত না হয়েও তার নাচ দর্শকদের মুগ্ধ করে।
শুধু অভিনয়ই নয়, তার ব্যক্তিত্ব এবং সাদামাটা থাকার অভ্যাস দর্শকদের তাকে ভালবাসতে বাধ্য করেছে। বিনোদন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে যখন নিজেদের প্রকৃত রূপ মেকআপের আড়ালে ধামাচাপা দেন প্রায় সমস্ত অভিনেতাই, সেখানেও নজির সাই পল্লবী।
ব্রণর লাল দগদগে দাগ এবং কোঁকড়ানো উস্কোখুস্কো চুল নিয়েই দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ত্বকের দাগগুলো কখনও মেকআপের আড়ালে লুকোনোর চেষ্টাও করেন না। পর্দায় তিনি একেবারেই মেকআপ করেন না। কখনও স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী করতে হলেও নামমাত্র মেকআপ করেন তিনি।