শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
করোনা পরিস্থিতির কারণে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। তাই দীর্ঘদিন পর্দায় তার উপস্থিতি নেই। অবশেষে বিরতি ভাঙছেন ওয়েবের মাধ্যমে। এই তারকার সঙ্গে কথা বলেছেন অর্ক রায় সেতু
ওয়েবে অভিষেক…
গতকাল ওয়েবে আমার অভিষেক হয়েছে। ওয়েবে কাজের অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন। নাটক বা সিনেমার জন্য কাজের প্রস্তুতি যেমন থাকে, সেই জায়গাতেও পার্থক্য রয়েছে। সিরিজটির নাম ‘মরীচিকা’। এখানে এসআই শাকিল ভূমিকায় অভিনয় করেছি। এর আগে এতটা চ্যালেঞ্জ নিয়ে কোনো চরিত্রের জন্য প্রস্তুতি নিইনি। নির্মাতা শিহাব শাহিন দারুণভাবে পুরো গল্পটি তুলে এনেছেন। অনেক জনপ্রিয় শিল্পীরা একসঙ্গে কাজ করছেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিরিজটি দেখার জন্য।
করোনার দিনলিপি…
রুটিন মেনটেইন করে খুব একটা কাজ করা হয় না। পরিস্থিতি সামলে নিয়ে কাজ করে যাচ্ছি। কাজের বাইরে খুব একটা বাসা থেকে বের হচ্ছি না। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিং করা কঠিন। তা ছাড়া শ্যুটিংয়ের সঙ্গে অনেক মানুষ সম্পর্কিত থাকেন। তাদের সবাইকে ঠিকমতো মনিটর করা যায় না। একটা ঝুঁকির মধ্যে থেকে সবাইকে কাজ করে যেতে হয়। সুতরাং অসুবিধে তো হয়ই।
আটকে থাকা সিনেমা…
‘দামাল’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অপারেশন সুন্দরবন’, ‘শান’, ‘স্বপ্নবাজি’ ও ‘ইত্তেফাক’ সিনেমাগুলো আটকে আছে। কিন্তু দেশের মহামারীর যেই পরিস্থিতি, এতে সেগুলোর মুক্তির সময় এখনো চূড়ান্ত হয়নি।
অন্তর্জাল…
দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। একজন কম্পিউটার প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করব। এর গল্প একেবারেই ভিন্ন। ভিন্ন ধারার চরিত্রে দর্শক আমাকে পর্দায় দেখতে পাবেন। এটা সত্যি যে সিনেমায় যা কিছু দেখানো হয় তার সবকিছু কোনো একসময় দেখা গেছে। শুধু একটা গল্পকে নতুনভাবে প্রেজেন্টেশন করেন ডিরেক্টররা। যেটা মানুষ উপভোগ করেছে বহুবার। এ রকম গল্পে কাজ করতে চ্যালেঞ্জ রয়েছে। যদি অন্তর্জাল সিনেমার কথা বলেন, তাহলে বলব, এটি একটি তারুণ্যের সিনেমা। স্টোরিটা হাতে পাওয়ার পর আমি অনেকটা সময় চেয়ে নিয়েছিলাম। কাজটা অনেক বড় স্বপ্ন। একটা সাইবার থ্রিলাম চলচ্চিত্র। আর বড় স্বপ্ন মানে অনেক বড় চ্যালেঞ্জ। যুদ্ধ করার জন্য একটা দেশকে গোলাবারুদ নিয়ে প্রস্তত থাকতে হয় না। যুদ্ধটা এখন সাইবার যুদ্ধের। নিঃসন্দেহে গল্পটা দর্শকের ভালো লাগবে।
সিনেমার বাইরে…
অভিনেতার পাশাপাশি আমি একজন ব্যারিস্টার। আইন পেশায় মাঝেমধ্যে সময়ও দিয়েছি। একটা সময় দুটো সমন্বয় করে কাজ করে যেতাম। এখন অভিনয়টাকে সিরিয়াসলি নিয়েছি। বর্তমানে অভিনয়ই আমার একমাত্র পেশা। পুরো ফোকাস অভিনয়ে দিতে চাই। অভিনয়ে আসার পর থেকে পরিবারকে খুব একটা সময় দেওয়া হয় না। তাই অবসর পেলে পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করি। বাকি সময়টুকুতে সিরিয়াল, ডকুমেন্টারি, মুভি দেখে কাটাই। অবসরে টেবিল টেনিস খেলতে পছন্দ করি।