শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
অস্কার-জয়ী পরিচালক ওয়েস অ্যান্ডারসনের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মার্গট রবি। এ ছবিতে আরও আছেন হলিউডের নামি কয়েকজন অভিনয়শিল্পী। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে হলিউড রিপোর্টার।
সর্বশেষ হার্লে কুইন চরিত্রে জেমস গানের ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ছবিতে দেখা গেছে এ অভিনেত্রীকে। ছবিটি এখন সিনেমা হলের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে।
অ্যান্ডারসনের নাম ঠিক না হওয়া ছবিটির খবর বেশ আগেই শোনা গেছে। যার গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন আদ্রিয়ান ব্রডি, বিল মুরে ও টিলডা সুইনটনের মতো তারকারা। এবার যোগ দিচ্ছেন মার্গট।
বিশেষ চরিত্রে এ ছবিতে থাকছেন হলিউডের বড় নাম টম হ্যাংকস।
চলতি আগস্টের শেষ দিকে স্পেনে ছবিটির শুটিং শুরু হবে।
এখনো ছবিটির বিষয়বস্তু জানা যায়নি। তাই মার্গট রবির চরিত্র নিয়েও রয়েছে রহস্য। তবে একটি সূত্র জানাচ্ছে, পার্শ্ব চরিত্রে সুযোগ পেয়েছেন জনপ্রিয় এ নায়িকা।
সাম্প্রতিক সময়ে পরপর ভালো চরিত্র ও বড় পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন মার্গট রবি। ‘সুইসাইড স্কোয়াড’ নিয়ে দারুণ প্রশংসা পাচ্ছেন তিনি। হাতে আছে ড্যামিয়েন চাজেলের ‘বেবিলন’। এতে সঙ্গে আছেন মার্গটের ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমার সহকর্মী ব্র্যাড পিট। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন ডেভিড ও. রাসেলের নাম ঠিক না হওয়া একটি ছবি।
এখানেই শেষ নয়, বড়পর্দার জন্য পরবর্তী বারবি হতে যাচ্ছেন মার্গট রবি। ছবিটি পরিচালনা করবেন গ্রেটা গারউইগ। আলোচিত-সমালোচিত খেলনা পুতুলের চরিত্রে মার্গটকে ভিন্ন ধাঁচে তুলে ধরা হবে এ ছবিতে। এ নিয়ে একাধিকবার উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।