শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক পিয়া জান্নাতুল বছরের শুরুতে প্রথম সন্তানের মা হয়েছেন। কেমন কাটছে এই নতুন জীবন? এ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন অর্ক রায় সেতু
ব্যস্ততা…
করোনার কারণে কাজ সেভাবে হচ্ছে না। আর আমার বাচ্চা যেহেতু ছোট, তাই আমিও ঘরের বাইরে খুব একটা বের হচ্ছি না। মা হওয়ার সময় বেশ ওজন বেড়েছিল, এটাই স্বাভাবিক। তাই গত কয়েক মাস ঘরে বসেই ব্যায়াম শুরু করি। ছাদে ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে প্রমোটিং, কিছু ব্রান্ডের সঙ্গে কাজ করছি। সুযোগ পেলে শ্যুটিং করছি। কিছু কাজ চলছে। শেষ হলে সবাই জানতে পারবেন।
ক্যারিয়ারের জার্নি…
২০০৭ সালে মডেলিংয়ে আসি। উচ্চতা বেশি ও শারীরিক গঠন ফিট থাকায় জায়গাটা আমার জন্য সহজ ছিল। সবাই অনুপ্রেরণা জুগিয়েছে। ইতিমধ্যে মডেলিংয়ে ১৬ বছর পূর্ণ হয়েছে। এরপর ক্রিকেটের অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু। তবে দর্শকের কাছে পৌঁছানোর বড় মাধ্যম সিনেমা। রোদোয়ান রনির চোরাবালি সিনেমা দিয়ে সেই সুযোগটা পাই।
সিনেমায়…
শোবিজের বাইরে আমি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া নিয়মিত আইন পেশায় প্র্যাকটিস করছি। মনে হয়েছে চলচ্চিত্র জায়গাটা আমার জন্য নয়। অনেক বেশি পরিশ্রম করতে হয়। কাজের প্রতি ডেডিকেশন থাকতে হয়। মডেলিং কিংবা উপস্থাপনা অল্প সময়ে সম্ভব হলেও সিনেমায় তা হয় না। তাই সিনেমায় নিয়মিত কাজ করা আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। তবে ভালো গল্প পেলে সিনেমায় কাজ করব।
নিজেকে জানা…
অভিনয় সব সময় পছন্দ করি। নিজেকেও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছা হতো। তখন অভিনয় শেখা নিয়ে থিয়েটারের কিছু গুণী অভিনেতার সঙ্গে কথা হয়। তবে থিয়েটার করার জন্য সময়ের দরকার ছিল। আমি তখন কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তাম। বলতে পারেন সবকিছু সমন্বয় করে অভিনয়টাকে আয়ত্ত করেছি।
দেশের বাইরে…
উপস্থাপনার জন্য বিভিন্ন দেশে যাওয়া হয়েছে। লন্ডনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কভার করেছি। এছাড়া ক্যারিয়ারের শুরুতে একটি বেসরকারি টিভির জন্য ট্রাভেল শো করতাম। সে সময় বাংলাদেশিরা আমাকে দেখে ছুটে এসেছেন। আমি সৌভাগ্যবান যে, এত নেগেটিভিটির ভিড়ে প্রতিকূলতার চেয়ে বরং মানুষের ভালোবাসা পেয়েছি বেশি।
পছন্দ…
আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে অনেক মেধাবী। তাই পছন্দের অভিনেতার সংখ্যাটা বিশাল। মোশাররফ করিম, জাহিদ হাসান, তারিক আনাম খানের সঙ্গে কাজ করার আনন্দটা একটু বেশি হয়। এ প্রজন্মের মধ্যে অপূর্ব, নিশোর অভিনয় খুব পছন্দ।
মাসুদ রানা…
‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করার কথা ছিল। কিন্তু শ্যুটিংয়ের জন্য দীর্ঘদিন বিদেশ থাকতে হবে। আমার ছোট বাচ্চা, তার ওপর পুনরায় নিজেকে গ্রুম করা- সবমিলিয়ে কাজটি করা এখন আমার পক্ষে সম্ভব নয়। তাই ‘মাসুদ রানা’ থেকে সরে এসেছি।