শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার কাছ থেকে জব্দ করা বিলাসবহুল গাড়ি দুটির মালিক তিনিই। এর মধ্যে বিএমডব্লিউ এস২০৯ মডেলের সিলভার রঙের গাড়িটি ২০২০ সালের এপ্রিল মাসে আরেকজনের কাছ থেকে কিনে নেন পিয়াসা।
কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও পিয়াসা মালিকানা বদলের আবেদন না করার ফলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারে আগের মালিকের প্রতিষ্ঠানের নামই থেকে গেছে। সে কারণে বিভ্রান্তি ছড়িয়েছে এবং গণমাধ্যমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ঘুরপাক খেতে হয়েছে তা নিয়ে।
বিএমডব্লিউ গাড়িটির মালিকানা পরিবর্তনের ব্যাপারে চলতি বছরের এপ্রিল মাসে আবেদন করেন পিয়াসা। গাড়িটি গত মাসে বিআরটিএতে পিয়াসার নামে রেজিস্ট্রেশন করা হলেও করোনাভাইরাস মহামারির কারণে চলা লকডাউনের জেরে সার্ভারে আপডেট করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পিয়াসা গাড়ি কেনার পর কেন দীর্ঘ সময়েও মালিকানা পরিবর্তনের আবেদন করেননি, তা নিয়ে সন্দিহান বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি গাড়িটির আগের মালিকপক্ষও।
বিআরটিএর সার্ভারে পিয়াসার ব্যবহৃত বিএমডব্লিউ এস২০৯ মডেলের সিলভার রঙের গাড়িটির নিবন্ধন এখনো দ্য রিলায়েবল বিল্ডার্সের নামে।
জানা গেছে, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান দ্য রিলায়েবল বিল্ডার্স। প্রতিষ্ঠানটির মালিক শফিকুল আলম মিথুন।
দ্য রিলায়েবল বিল্ডার্সের মালিক শফিকুল আলম মিথুন বলেন, ঢাকা মেট্রো-গ-৩৯-৮৫৭৪ নম্বরের বিএমডব্লিউ আমারই ছিল। ২০১৮ সালে গাড়িটি আমি এঅ্যান্ডএ কার সেন্টারের কাছে বিক্রি করেছি। ট্যাক্সফাইল থেকেও গাড়িটা আমি রিডাকশন করে দিয়েছি। এঅ্যান্ডএ মূলত পুরনো গাড়ি বেচাকেনার সঙ্গে জড়িত। তারা বিক্রি করেছে মিস্টার মানাম সাহেবের কাছে, আমারই ছোট ভাই ওটিবিএল-এর ডিরেক্টর।