শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

তালেবান বিষয়ক তথ্য নিষিদ্ধ করেছে ফেসবুক

নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে ব্যবস্থা গ্রহণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রযুক্তি সংস্থাগুলো। তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক, সুতরাং তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। তাদের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
জানা যাচ্ছে যে, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোন একাউন্ট দেখতে পায়, তাহলে ব্যবস্থা নেবে। নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও।
টুইটার অবশ্য আফগানিস্তান দখলের সর্বশেষ অবস্থা জানিয়ে তালেবান মুখপাত্রসহ লাখো অনুসারীর পোস্ট অনুমোদন দিয়েছে। আফগানিস্তানে তালেবান ফিরে আসায় বাক স্বাধীনতা এবং মানবাধিকার, বিশেষ করে নারীর অধিকার বিপন্ন হওয়ার মতো উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি আবারও বৈশ্বিক সন্ত্রাসবাদেরও ‘স্বর্গ’ হয়ে উঠতে পারে আফগানিস্তান। তবে তালেবান নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক চান এবং আফগানবাসীকে রক্ষারও প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com