শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সিনেমা ছাড়ব কোথায় বলেছি, কেউ প্রমাণ দিতে পারবে?

চিত্রনায়িকা আঁচল বিয়ে করছেন। তাঁর স্বামী কণ্ঠশিল্পী সৈয়দ অমি। তবে এরই মধ্যে শোবিজপাড়ায় গুঞ্জন- হজ করে সিনেমা ছেড়ে দেবেন আঁচল। চারদিক যখন আঁচলকে নিয়ে নানা গুঞ্জনে মুখর, তখনই কালের কণ্ঠকে নিশ্চিত করলেন, তিনি সিনেমা ছাড়বেন না বা এমন ইচ্ছা ও পরিকল্পনার কথা কোথাও বলেননি।

আঁচল ‘আমি সিনেমা ছাড়ব কোথায় বলেছি, কেউ সামান্যতম প্রমাণ দিতে পারবে? তাহলে কেন এমন গুঞ্জন ছড়াচ্ছে? এর উদ্দেশ্য কী? চলচ্চিত্র আমার একটা ঘর। ছোট থেকে যেখানে আমি বড় হচ্ছি, সেটাকে আমি ছেড়ে দেব হুট করেই? মোটেও না। আমি সিনেমা করব। আমার হাতে বেশ কিছু কাজ রয়েছে, সেসব করার প্রস্তুতি নিচ্ছি।’

হজে যাওয়া প্রসঙ্গে আঁচল সোমবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘আসলে হজে যাব। হজে যাওয়ার সঙ্গে সিনেমা ছাড়ার সম্পর্ক কী? আর হজ তো শিগগিরই করতে যাচ্ছি না। প্রথমে আমার মা-বাবাকে হজ করাব, তারপর আমি করব। আগে বাবা-মায়ের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। এটা একান্তই পারিবারিক ও ধর্মীয়, এর সঙ্গে সিনেমাকে টেনে আনার প্রয়োজন কী?’

বিয়ের পরে সিনেমা ছাড়তে পারেন এমন কথাও শোনা যাচ্ছে। তবে বিষয়টিকে একেবারে নাকচ করে দিয়ে আঁচল কালের কণ্ঠকে বলেন, ‘আসলে এসব মুখরোচক কথা। অমি খুবই জেন্টেল একজন মানুষ। সে আমাকে সিনেমায় কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। তার কারণে আমার অভিনয়ের বিষয়টি গতিশীল হবে। কেউ যদি মনে করেন, বিয়ের কারণে আমাকে অভিনয় করতে সমস্যায় পড়তে হবে, তাহলে বলব একেবারে ভুল।’

স্বামী অমি সম্পর্কে বলতে গিয়ে ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বলেন, আসলে আমি একজন গানপাগল মানুষ। অবসর সময়ে শুধু গান আর গানই শুনি। এর মধ্যে ওর সঙ্গে (অমি) পরিচয় হলো। কাজ করলাম। ওর গান শুনতাম। এত ম্যাচিউর্ড ভয়েস। আমার খুবই ভালো লাগল। আসলে আমি একজন নায়িকা। আর গানও পছন্দ করি। তাই বলে একজন গায়কের সঙ্গে নিজের জীবনটাকে জুড়ে দেব এটা ভাবতে পারিনি। ভাবতেই শিহরণ, অন্য রকম লাগছে।

জানা গেছে, সব ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পরিকল্পনা করছেন তিনি। পাত্র তাঁর ৯ মাসের প্রেমিক উঠতি গায়ক সৈয়দ অমি। আঁচল বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর ভালোবাসা দিবসে বিয়ের কথা ভাবছি। বাকিটা আল্লাহ ভরসা।’

২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন হাসনাহেনা আঁখি আঁচল। এরপর নায়িকা হয়েছেন শাকিব খান, আরিফিন শুভসহ একাধিক জনপ্রিয় নায়কের। তবে বেশ কয়েক বছর সিনেপাড়ায় অনিয়মিত এই চিত্রনায়িকা। হবু স্বামী সৈয়দ অমির সঙ্গে আঁচল ‌‘ও জান রে’ গানে কাজ করেছেন। প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com