রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সশরীরে পরীক্ষা নিয়েছে। বৃহস্পতিবার সকালে ও বিকেলে বিভাগের স্নাতক সপ্তম সেমিস্টার (চতুর্থ বর্ষ) ও স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতিতেই গত জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছে। শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্বাস্থ্যবিধি মেনে সশরীর পরীক্ষা নিচ্ছে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, পরীক্ষা নেওয়ার আগে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আমি ও সংশ্লিষ্ট সেমিস্টারের কো-অর্ডিনেটর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। সেখানে শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষার নানা সমস্যার কথা উল্লেখ করে সশরীরে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সশরীরে পরীক্ষার ব্যাপারে কারও কোনো আপত্তি নেই বলে তারা জানিয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগ্রহ ও সুবিধার বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমরা সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই। পরে বিষয়টি বিভাগের একাডেমিক কমিটিতে নিয়ে আসা হয়। কমিটি শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্তে সম্মত হয়। পরে পরীক্ষার রুটিনটি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠালে কর্তৃপক্ষ অনুমতি দেয়।
সশরীরে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হয়েছে।