শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

এক ঝলকে

ছাড়পত্র পেল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

আনকাট সেন্সর ছাড়পত্র পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। গতকাল মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে এর প্রশংসা করেন। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া ও মৌসুমী মিথিলা। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আজ (গতকাল) বিকেলে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড মেম্বারদের অনেকেই ছবিটি দেখার পর আমাকে ফোন দিয়ে ছবিটির প্রশংসা করেছে।’ কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘কেবল তো ছাড়পত্র পেল। অপরদিকে করোনা পরিস্থিতিতে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আর এই ছবিটি যেহেতু সিনেমা হল টার্গেট করে নির্মিত, ফলে একটু ভেবেচিন্তেই মুক্তির তারিখ ঠিক করতে হবে। তবে আশা করছি শিগগিরই ছবিটি মুক্তি দিতে পারব।’ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ছবিটি আমরা আজ (গতকাল) দেখেছি। কোনো ধরনের আপত্তিকর কিছু পাইনি। তাই আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়ার এই ছবির মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান। অপরদিকে হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটা প্রথম সিনেমা। ২০১৯ সালের ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শ্যুটিং শুরু হয়। ২০২০ সালের মাঝামাঝি এসে সব কাজ শেষ হয়।  ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন প্রমিত রাফাত। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন এ আর আলম। সম্পাদনা করেছেন শহিদুল হক, আলোকচিত্রে রয়েছেন শাহ সুলতান। সাজসজ্জায় আছেন সেলিম মোহাম্মদ। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলিসহ অনেকে।

মাইকেল কে উইলিয়ামস আর নেই

আমেরিকান অভিনেতা মাইকেল কেনেথ উইলিয়ামস মারা গেছেন। এইচবিওর ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। নিউইয়র্কের এক অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মাইকেল কে উইলিয়ামস নামে পরিচিত এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আইন প্রয়োগকারী সূত্রের বরাতে জানায়, অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুবরণ করেছেন তিনি (মাইকেল কে)। অবশ্য আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি এখনো। দীর্ঘদিন অভিনয় দিয়ে মুগ্ধ করে রাখা উইলিয়ামস তিনবার এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে বছরের পর বছর মাদকের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। আর তা নিয়ে খোলামেলা কথাও বলেন এই অভিনেতা।  দ্য ওয়ার-এ ‘ওমর লিটল’ নামে সমকামী চরিত্রে অভিনয় করেন উইলিয়ামস। এ ছাড়া আরেক টিভি সিরিজ বোর্ডওয়াক এম্পায়ার-এ এক শক্তিশালী গ্যাংস্টার আলবার্ট ‘চকি’ হোয়াইট চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র জন গ্রিম্পেল জানান, সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় জরুরি কল পেয়ে ব্রুকলিনে উইলিয়ামসের অ্যাপার্টমেন্টে যায় পুলিশ। সেখানে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। টিভি সিরিজ ছাড়াও হলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন উইলিয়ামস। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী ও চলচ্চিত্র নির্মাতারা। তাদের মধ্যে আছেন ফাইট ক্লাব ও দ্য ইনক্রেডিবল হাল্ক খ্যাত অভিনেতা এডওয়ার্ড নর্টনও।

৩৮ তারকার বিরুদ্ধে মামলা

ভারতের হায়দরাবাদে ২০১৯ সালে চারজন পুরুষ একটি মেয়েকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। এ ঘটনায় দেশটিতে তোলপাড় তৈরি হয়। সোচ্চার হয়ে ওঠেন সব শ্রেণি-পেশার মানুষ। এ সময় বলিউড ও টালিউড তারকারাও প্রতিবাদ জানান। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সেই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি বলিউড ও টালিউডের ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় তারা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এ তালিকায় রয়েছেন অনুপম খের, ফারহান আখতার, অজয় দেবগন, অক্ষয় কুমার, সালমান খান, রাকুল প্রীত সিং, আল্লু সিরিশ, চার্ম্মে কৌর, মহারাজা রবি তেজাসহ অনেকে।

গণমাধ্যম বা কোনো পাবলিক প্ল্যাটফর্মে ধর্ষণের শিকার কারও আসল নাম-পরিচয় প্রকাশ করা আইন পরিপন্থী। এ অভিযোগে আইনজীবী গৌরব গুলতি মামলাটি করেন। গৌরব জানান, তারকারা অনেকের আদর্শ। আমাদের ভারতীয় তারকারা নীতি-নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা ভুলে গিয়ে নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। এটি মোটেও ঠিক হয়নি। অভিযোগপত্রে এই তারকাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন গৌরব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com