শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

প্রযোজকের অনুমতি ছাড়াই হলে চলছে সিনেমা, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ

স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ ছবিটি ২০১৯ সালের ১লা নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। তবে বর্তমানে প্রযোজকের অনুমতি ছাড়াই রাজধানীর উপকণ্ঠে ফতুল্লার বনানী সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ করেন এ সিনেমার প্রযোজক শাহ আলম। তিনি ভারত থেকে মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, একটা কাজে বর্তমানে ভারতে আছি। আমি বাংলাদেশ ও ভারত দুই দেশের একজন সিনেমা প্রযোজক ও পরিবেশক। ২০১৯ সালে ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি । এরপর সিনেমার বাজার খারাপ হওয়ার কারণে আমি ছবিটি অন্য সিনেমা হলে আর রিলিজ করিনি। আর মাঝে করোনাকালীন সময়ে সিনেমা হল বন্ধ ছিল। গত সপ্তাহে হঠাৎ চোখে পড়ল আমার অনুমতি ছাড়া এই সিনেমা রিলিজের সময় রঞ্জন নামে যে ম্যানেজার ছিল তিনি জাজের সার্ভার দিয়ে ফতুল্লার বনানী সিনেমা হলে ছবিটি চালানো শুরু করেছেন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আর সেই সাথে প্রযোজকের অনুমতি ছাড়া সিনেমা চালানোর জন্য দেশে এসে আইনি ব্যবস্থা নেব ‘

তিনি আরও বলেন, ‘প্রযোজক ছাড়া একটি সিনেমা রিলিজ অর্ডার দেওয়ার ক্ষমতা ম্যানেজারের নেই। আমি তাকে কোনো কাগজে অনুমতি প্রদানও করি নাই । তাহলে কি করে আমার অনুমতি ছাড়া সিনেমাটি সিনেমা হলে চলছে সেটাই আমার প্রশ্ন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্টও দিয়েছেন ছবির প্রযোজক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেই এর নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি করেছেন নেটিজেনেরা।

গ্রামীণ গল্পে শাহ আলম প্রযোজিত ‘পদ্মার প্রেম’ ছবিতে চিত্রনায়িকা আইরিন সুলতানা ও নায়ক সুমিত সেনগুপ্ত প্রথমবারের মতো জুটি বাঁধেন। ছবিটি বাংলাদেশে মুক্তির আগে কলকাতায় মুক্তি পায়। এতে বিশেষ চরিত্রে মুনমুন ও আলেকজান্ডার বোকে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com