শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রত্যেকে তার কর্মফল পায়

মেধাবী অভিনেত্রী মৌসুমী হামিদ এখন বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত। চলছে সিনেমা, একাধিক ওয়েব সিরিজ ও খ- নাটকের শ্যুটিং। এ তারকার সঙ্গে কথা বলেছেন রণ

লাইট-ক্যামেরা-অ্যাকশন…

গতকাল সন্ধ্যায় এসেছি ঢাকার অদূরে ফিল্ম সিটিতে। সেখানে একটি বিদেশি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত দীর্ঘ ওয়েব সিরিজ ‘রূপকথা নয়’-এর শ্যুটিং হচ্ছে। সিরিজটি নির্মাণ করছেন গোলাম সোহরাব দোদুল। এটি করপোরেট জগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আমি চঞ্চল চৌধুরীর অফিসে কাজ করি। মেয়েটি শিক্ষিত, স্মার্ট ও মেধাবী। তাই দ্রুত করপোরেট জগতে নিজের অবস্থান তৈরি করে নেয়। এর পেছনেও আলাদা গল্প আছে।

জীবন দর্শন…

একজন নারী সফল হলে তার পেছনে অনেকে অনেক কারণ খোঁজার চেষ্টা করেন। কিন্তু আমি মনে করি প্রতিটি মানুষ তার কর্মফল পায়। আপনি যতটুকু পরিশ্রমী, যতটুকু মেধাবী, ততটুকুই ফল পাবেন। প্রতিটি জায়গাতেই শর্টকাট আছে। কোন পথে যাবেন সেটি আপনাকেই বেছে নিতে হবে। আমাদের শোবিজেও কেউ কোনো ভালো সুযোগ পেলে অনেকে অনেক নেতিবাচক ধারণা পোষণ করেন। আমিও একটা সময় এভাবে ভাবতাম। একবার আদালতের এক বিচারপতির সঙ্গে কথা বলছিলাম। আমি তাকে জিজ্ঞেস করি, অনেক সময় দেখা যায় একজন লোক বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটে। অনেক বছর পর প্রমাণিত হয়, লোকটি নির্দোষ। তখন আপনার খারাপ লাগে না? তিনি আমাকে বললেন, না। কারণ এটি তার কর্মফল। জীবনে হয়তো এমন কিছু করেছেন যার জন্য এ শাস্তি তার প্রাপ্য ছিল। আর যদি তা না হয়, তাহলে এটি তার কর্ম। পরবর্তী সময়ে তিনি এর পুরস্কার অন্যভাবে পাবেন। সেই থেকে আমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। নয়তো বিগত কয়েক বছরে আমি যে সংখ্যক কাজ করেছি তাতে অন্যদের দেখে হিংসুক হয়ে ডিপ্রেশনে চলে যেতাম। যারা ভালো সুযোগ পাচ্ছেন, নিশ্চয়ই তার পেছনে অনেক পরিশ্রম কিংবা ত্যাগের গল্প আছে।

অন্য কাজ…

গত মঙ্গল ও বুধবার চ্যানেল আইয়ের একটি খ- নাটক করেছি। জুয়েল রানার পরিচালনায় নাটকটির নাম ‘মহিলা ঋণদান সমিতি’। সহশিল্পী আনিসুর রহমান মিলন। এর আগে একটি দেশীয় ওয়েব প্ল্যাটফর্মের জন্য আরেকটি নতুন ওয়েব সিরিজ করেছি। মেহেদি হাসান টিংকু পরিচালিত এ সিরিজের নাম পরিবর্তন হতে পারে। সহশিল্পী শ্যামল মাওলা, শবনম ফারিয়াসহ অনেকে। কাজ প্রায় শেষের দিকে হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিনগুলো’র কাজ। এ সিনেমায় কাজ করে মন ভরে গেছে। মনে হচ্ছে একটি প্রপার সিনেমাতে কাজ করছি। পুরো ইউনিট একদম নিট অ্যান্ড ক্লিন। প্রতিটি সদস্য জানেন তাদের কী করতে হবে। হৃদি আপুর সেটে গিয়ে নিজেকে ঢেলে দিলেই হয়। চরিত্রে ঢোকার জন্য আলাদা কিছুর প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com