শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নির্বাচন করছেন না শাকিব খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখন বিএফডিসি পাড়া সরগরম। বিশেষ করে ঢালিউড কিং শাকিব খান আবারও সভাপতি পদে ফেরার খবরে গুঞ্জন আরও ডালপালা মেলেছে। তাই অনেকেই ধারণা করছেন, এবারের নির্বাচন হবে বেশ কঠিন। ফাঁকা মাঠে গোল করার সুযোগ আর থাকছে না। কারণ, শাকিব খান গঠন করতে চলেছেন নতুন প্যানেল। যেখানে তিনি সভাপতি ও প্রভাবশালী চিত্রনায়িকা নিপুণ হবেন সাধারণ সম্পাদক। অন্যদিকে, বর্তমান মিশা-জায়েদ প্যানেলটি আগের মতো অনুকূল পরিবেশে নেই। চলতি বছর পরীমণিসহ অনেক শিল্পীর সদস্যপদ বাতিলসহ নানা বিতর্কে তারা সমালোচিত হয়েছেন। আরও আছে জ্যেষ্ঠ শিল্পীদের নাম ব্যবহার করে নানা ধরনের সুবিধা হাসিল। বর্তমান সভাপতি মিশা সওদাগর নির্বাচন করছেন না। সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নতুন প্যানেল তৈরি করতে চান জায়েদ খান। তিনি টানা দুই দফা একই পদে আছেন। থাকতে চান এবারও। এই প্যানেলে আরও থাকবেন রুবেল, আলেকজান্ডর বো, জয় চৌধুরীসহ বর্তমান কমিটির বেশ কয়েকজন। অন্যদিকে, শাকিব-নিপুণ প্যানেলে দেখা মিলতে পারে মৌসুমী, ফেরদৌস, পূর্ণিমা, পপি, নিরবসহ আরও কয়েকজন তারকার।

এমন পরিস্থিতিতে সব গুঞ্জনের আগুনে পানি ঢেলে দিলেন খোদ শাকিব খান। চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ‘প্রার্থী হচ্ছেন না’ বলে সাফ জানিয়ে দিলেন দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার পরিষ্কার কথা, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’

ঢাকার সিনেমার ‘নাম্বার ওয়ান’ এই চিত্রতারকা বললেন, ‘নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এত সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এ সবের মধ্যে আমি নেই।’

সম্প্রতি প্রকাশিত জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ‘সভাপতি’ পদে প্রার্থী হচ্ছেন শাকিব খান। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ! বুধবার এমন বেশকিছু খবর নজরে এসেছে শাকিব খানের। আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি না জানতে চাইলে শাকিব খান স্পষ্ট করে বলেন, ‘আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া খবর।’ শাকিব বিষয়টিকে ‘ফেইক’ উল্লেখ করে বলেন, ‘অনেকসময় দেখি সেনসেটিভ বিষয়ে আমার সাথে কথা না বলে আমার নামে মন্তব্য তুলে দেয়া হয়। পরে অনেকেই আমাকে বলে, আমি এটা বলেছি, ওটা বলেছি। এসবে খুব বিব্রত হই। যে বা যারা আমাকে জড়িয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার নিউজ করেছে কেউ আমার সাথে কথা বলেনি। যারা নিউজ করেছে অনেককে ব্যক্তিগতভাবে চিনি না; আবার চিনলেও গত ছয়মাসেও তাদের সাথে দেখা হয়নি, এসব নিয়ে আলাপ হয়নি।’

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতিতে টানা দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন শাকিব খান। সংশ্লিষ্টদের মতে, শাকিবের সেই মেয়াদে সমিতির সৌন্দর্য বৃদ্ধি, বাগান তৈরিসহ শিল্পীদের স্বার্থরক্ষায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছিল। একাধিক সিনিয়র শিল্পীদের কথা, তখন সব শিল্পীদের মধ্যে একতা ছিল। পারস্পরিক বন্ধন অটুট ছিল। শিল্পীর বিপদে তাকে দূরে ঠেলে দেওয়া হতো না। ইন্ডাস্ট্রিতে কাজের সুষ্ঠু পরিবেশ ছিল। তার পরবর্তীকালে যারাই ক্ষমতায় এসেছেন, তারা শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট সঠিক সিদ্ধান্ত নেননি। শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, একতা নেই। অনেকেই তাই সমিতি বিমুখ। কথা প্রসঙ্গে শাকিব খান জানান, তার সিনেমার ব্যস্ততা তুলনামূলক বেড়ে যাওয়ায় তৃতীয়বার স্বেচ্ছায় নির্বাচনে অংশ নেননি। আগামীতে ইন্ডাস্ট্রি চাঙা করতে তার পূর্ণ মনোযোগ কাজে থাকবে। তাই তিনি নির্বাচন করবেন না। শাকিব খান আরও বলেন, ‘বেশ আগে নিপুণ আমাকে বলেছিল রিয়াজ ভাইদের নিয়ে আমাকে রেখে নির্বাচন করতে চায়। কিন্তু তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দুবার নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারও করতাম। স্বেচ্ছায় যেহেতু সরে এসেছি আর এ সবে নিজেকে জড়াতে চাই না।’ এই তারকা মনে করেন, সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য চেষ্টা মুখ্য, সমিতি বা নির্বাচন নয়। সবশেষে শাকিবের প্রশ্ন, ‘রাজ্জাক আঙ্কেল (নায়করাজ রাজ্জাক) নির্বাচন করে কতদিন ছিলেন? বলিউডের অমিতাভ বচ্চন তার সমগ্র ক্যারিয়ারে কোনো সংগঠন নিয়ে এত মাথা ঘামিয়েছিলেন? তাছাড়া ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে সংগঠনের মূল্যই বা কতটুকু?’

২০১৯ সালের ২৫ অক্টোবর হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। সে হিসেবে আগামী মাসেই মেয়াদ পূর্ণ করবে চলমান কমিটি। হবে নতুন নির্বাচন।

শাকিব খানের হাতে এখন বেশকিছু বিগ বাজেটের সিনেমা রয়েছে। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এসএ হক অলিকের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’য়ে। এতে তার নায়িকা হিসাবে প্রথমবার দেখা যাবে পূজা চেরীকে। এছাড়া তিনি সম্প্রতি আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। এই দুই তারকা বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধও হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com