শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসে মার্কিন এক ড্রোন হামলায় সাত শিশুসহ এক পরিবারের ১০ সদস্য নিহত হয়েছিল। ওই হামলা ভুল টার্গেটে চালানো হয়েছিল বলে মার্কিন সেনাবাহিনী স্বীকারোক্তি দেয়ার একদিন পর নিহতের পরিবারের সদস্যরা বলছে, শুধু ক্ষমা চাইলে হবে না। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
গত ২৯ আগস্টের ওই হামলায় নিজের তিন বছর বয়সী মেয়ে মালিকাকে হারান আইমাল আহমাদি। তার বড় ভাইয়ের গাড়ি লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। শনিবার তিনি আল জাজিরাকে বলেন, কাবুলে কে এই হামলা চালিয়েছে ওয়াশিংটন তা তদন্ত করুক, সেটি চাই আমরা।
আহমাদি বলেন, আমি আমার পরিবারের ১০ সদস্যকে হারিয়েছি। আমি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংগঠনের কাছে বিচার চাই। আমরা নিরপরাধ। আমরা কোনও ভুল করিনি। আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেইদ ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, সেখানে শিশুদের খেলনাসহ স্মৃতিচিহ্ন এদিক-সেদিক ছড়িয়ে রয়েছে।
তিনি বলেন, পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইছে। তারা তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার চায় এবং যদি সম্ভব হয়, এই বাড়িতে যারা রয়েছে তারা আফগানিস্তান ছাড়তে চায়।
এদিকে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে আহমাদি বলেছেন, এই হামলায় জড়িত সামরিক কর্মকর্তাদের সাজা দেয়া উচিত যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, আমাদের কাছে শুধু দুঃখিত বললেই হবে না। যারা এই কাজ করেছে যুক্তরাষ্ট্রের উচিত সেই ব্যক্তিদের খুঁজে বের করা।