শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নতুন একটি নিরাপত্তা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক টানাপড়েন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছেন তার ফরাসি সমকক্ষ ফ্লোরেন্স পার্লি। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
পরমাণু চালিত সাবমেরিন বানানোর জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করে অস্ট্রেলিয়া। এই চুক্তিটি অকাস চুক্তি নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার এই চুক্তির পর ক্ষুব্ধ হয়ে ওঠে প্যারিস। কারণ এর ফলে ফ্রান্সের সঙ্গে করা একটি নিরাপত্তা চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই চুক্তি নিয়ে ফ্রান্সের চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু এত সহজে মন গলছে না ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর। আর তাই চলতি সপ্তাহে বেন ওয়ালেসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক বাতিল করেছেন তিনি।
দুইদিনের এই আলোচনায় সভাপতিত্ব করার কথা ছিল ফ্রান্সে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড রিকেটসের। তিনি এই বৈঠক ‘পিছিয়ে যাওয়ার’ বিষয়টি নিশ্চিত করেছেন। গত সপ্তাহে এই অকাস চুক্তি সই হয়। উত্তেজনাপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনকে মোকাবিলায় এই চুক্তি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার এমন চুক্তিতে মুখ পুড়েছে ফ্রান্সের। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩৭ বিলিয়ন ডলারের যে চুক্তি করেছিল ফ্রান্স সেটির সলিলসমাধি হলো এর মধ্য দিয়ে। ওই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে ১২টি প্রচলিত সাবমেরিন বানিয়ে দেয়ার কথা ছিল ফ্রান্সের।
ওই চুক্তিভঙ্গের দিকে ইঙ্গিত করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইয়ুভেস লে দ্রিয়ান এটিকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। ‘মিত্র এবং অংশীদারদের কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেছেন তিনি। ইতোমধ্যেই ওয়াশিংটন এবং ক্যানবেরা থেকে ফরাসি রাষ্ট্রদূতদের তলব করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।