শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
পাকিস্তানের কাছ থেকে ১২টি জেএফ-১৭ থান্ডার জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তান টুডে এ খবর দিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানের কাছ থেকে এসব জঙ্গিবিমান কেনার জন্য আর্জেন্টিনা ২০২২ সালের খসড়া বাজেটে ৬৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। এরইমধ্যে এ বাজেট দেশটির জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, চুক্তিটি চূড়ান্ত হয়েছে কারণ আর্জেন্টিনা এখনো এটি সই করে নি। অবশ্য, দেশটি পাকিস্তান থেকে জঙ্গিবিমান কিনতে চায়- সেটি পরিষ্কার।
গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে জঙ্গিবিমান কেনার চেষ্টা করে আসছে কিন্তু অর্থের ঘাটতি অথবা ব্রিটেনের আপত্তির কারণে তা হয় নি। সর্বশেষ গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে জঙ্গিবিমান কেনার প্রচেষ্টা আটকে দিয়েছিল ব্রিটেন। আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ এ পদক্ষেপকে ‘সাম্রাজ্যবাদী অহংকার’ বলে মন্তব্য করেছিলেন।